গরুর হাট রেললাইনে, সড়কেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের নিষেধাজ্ঞা রয়েছে, হাটের বাইরে পশু যেতে পারবে না। কিন্তু মতিঝিলে​ মধুমিতা সিনেমা হলের সামনে রাস্তার ওপর গতকাল পশু বিক্রি করতে দেখা যায়। ছবিটি সকালের দিকে তোলা l প্রথম আলো
পুলিশের নিষেধাজ্ঞা রয়েছে, হাটের বাইরে পশু যেতে পারবে না। কিন্তু মতিঝিলে​ মধুমিতা সিনেমা হলের সামনে রাস্তার ওপর গতকাল পশু বিক্রি করতে দেখা যায়। ছবিটি সকালের দিকে তোলা l প্রথম আলো

হাট শুরু হতে না-হতেই কোরবানির গরু আর হাটের সীমানার মধ্যে নেই। হাটের গরু চলে এসেছে মূল সড়ক ও রেললাইনের ওপর। গতকাল শনিবার প্রথম দিন রাজধানীর কয়েকটি হাট ঘুরে এমনই দৃশ্য দেখা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া সংবাদ সম্মেলন করে বলেন, কোরবানির গরু হাটের বাইরে এলে আটক করা হবে। যেসব এলাকায় পশুর হাট আছে, সেসব এলাকার সংশ্লিষ্ট বিভাগের পুলিশ কর্মকর্তাদের তিনি নির্দেশ দিয়েছেন বলেও জানান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় কোরবানির পশুর হাটগুলো ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি হাটেই বিপুলসংখ্যক গরুর সমাগম হয়েছে। ব্রাদার্স ক্লাব মাঠ, ধোলাইখাল খোকা মাঠ, ধূপখোলা ইস্ট এন্ড ক্লাব মাঠ, আরমানিটোলা মাঠ, লালবাগ হাজি দেলোয়ার হোসেন হাট, হাজারীবাগ হাট, রহমতগঞ্জ হাটেও প্রচুর গরু এসেছে। হাটে ক্রেতাদের ভিড়ও লক্ষ করা গেছে। তবে কেনার চেয়ে গরু দেখার প্রতিই ক্রেতাদের ঝোঁক ছিল বেশি। কোনো কোনো হাটে নির্ধারিত সীমানার বাইরেও পশু রাখা হয়। গরু আছে রেললাইনের ওপর।
হাটে ঢুকে দেখা যায়, বেলা প্রায় আড়াইটা পর্যন্ত খুব বেশি বিক্রি হয়নি। কয়েকজন বিক্রেতা বলেন, বেশির ভাগ ক্রেতা শুধু গরু দেখছেন ও দামদর করছেন। রামকৃষ্ণ মিশন রোড জিয়া মাঠ এলাকার বাসিন্দা আবদুল আলিম ও ওয়ারীর র্যা ঙ্কিন স্ট্রিটের সেলিমুর রহমান এই প্রতিবেদককে বলেন, তাঁরা গরুর দাম যাচাই করতে এসেছেন।
গতকাল দুপুরে দেখা যায়, গোপীবাগ ব্রাদার্স ক্লাব মাঠ পশুর হাটের বিস্তার নির্ধারিত সীমানার চারদিকেই ছড়িয়ে গেছে। মতিঝিল মধুমিতা সিনেমার সামনেও গরুর সারি। এ ছাড়া ব্রাদার্স ক্লাবের মাঠ, বাংলাদেশ ব্যাংকের পেছনে নতুন রাস্তা ও বালুর মাঠ, কমলাপুর স্কুলসংলগ্ন মাঠ সড়ক, কমলাপুর স্টেশন থেকে বাংলাদেশ ব্যাংকের দিকে আসার পথজুড়ে গরু আর গরু। কমলাপুরের কাছে রেললাইনের ওপরও বিপজ্জনকভাবে গরু রাখা হয়েছে। বিষয়টি জানতে চাইলে হাটের একজন স্বেচ্ছাসেবক বলেন, এই পথে নারায়ণগঞ্জের ট্রেন চলে কম। ট্রেনের শব্দ পেলে বিক্রেতারা গরু সরিয়ে নেবেন। দেখা গেল, গোপীবাগ থেকে কমলাপুর স্টেশন যাওয়ার সহজ রাস্তাগুলো সবই বন্ধ হয়ে গেছে। এতে যানজটও দেখা দিয়েছে।