গরুর হাটে ক্রেতা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের বৃহত্তম কোরবানির পশুর হাট কাজিরবাজার এখনো জমেনি। ক্রেতা কম থাকায় অলস সময় কাটাচ্ছেন এক বিক্রেতা। ছবিটি গত মঙ্গলবার দুপুরে তোলা l প্রথম আলো
সিলেট নগরের বৃহত্তম কোরবানির পশুর হাট কাজিরবাজার এখনো জমেনি। ক্রেতা কম থাকায় অলস সময় কাটাচ্ছেন এক বিক্রেতা। ছবিটি গত মঙ্গলবার দুপুরে তোলা l প্রথম আলো

ঈদের বাকি আর তিন দিন। দূর-দূরান্ত থেকে খামারিরা গরু নিয়ে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের হাটগুলোয় এসেছেন। কিন্তু গত মঙ্গলবারও হাটে ক্রেতার ভিড় ছিল না। যে দু-চারজন ক্রেতা আসছেন, তাঁরা এসেছেন দরদাম শুনতে।

সিলেট নগরের কাজিরবাজার গরুর হাট। মঙ্গলবার বেলা সাড়ে তিনটা। গরু ব্যাপারীদের কেউ পান চিবোচ্ছেন, কেউ আবার খোশগল্পে মত্ত। ক্রেতাদের চিরপরিচিত ভিড়বাট্টার দৃশ্য নেই। কেবল হাতে গোনা কয়েকজন ক্রেতা এদিক-ওদিক ঘুরছেন।

দুজন বিক্রেতা বলেন, অন্যান্য বছর ঈদের চার দিন আগে ক্রেতাদের ভিড় বেশি থাকে। এবার এখানে ক্রেতাবিহীন নীরব পরিবেশ। বন্যা পরিস্থিতি ও গরুর চড়া দামের কারণে ক্রেতাদের উপস্থিতি কম হচ্ছে।

গত রোববার সাতটি গরু নিয়ে কাজিরবাজার হাটে এসেছেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কাজীহাটি গ্রামের শামীম মিয়া (৩৫)। মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত তাঁর একটি গরুও বিক্রি হয়নি। তিনি একেকটি গরুর দাম ৩৫ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত হাঁকছেন। তিনি বলেন, ‘এবার বাজারে ভারতীয় গরু আসেনি। তাই গরুর দাম তুলনামূলকভাবে একটু বেশি। এ অবস্থায় ক্রেতারা গরু না কিনেই ফিরে যাচ্ছেন।’

বিকেল চারটার দিকে দুই ছেলেকে নিয়ে কাজিরবাজার হাট থেকে বেরিয়ে যাচ্ছিলেন নগরের বাগবাড়ি এলাকার বাসিন্দা আসলম মিয়া। তিনি বলেন, ‘ঘণ্টাখানেক হাটে ঘোরাঘুরি করলাম। দেখলাম গরুর দাম চড়া। তাই গরু না কিনেই ফেরত যাচ্ছি। কাল-পরশু আবার আসব। তখন দাম কমলে কিনব, নতুবা বিকল্প ভাবব।’

হাটের ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, এ হাটে সিলেটের স্থানীয় গরু ব্যবসায়ীদের পাশাপাশি দেশের ঝিনাইদহ, রাজশাহী, মাগুরা, চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এসেছেন। এরই মধ্যে প্রায় ২০০ গরু বিক্রেতা এ হাটে বসেছেন। ক্রেতারা এখন হাটে এসে কেবল পরখ করছেন, আজ বৃহস্পতিবারের মধ্যে হাট পুরোপুরি জমে উঠবে।

বগুড়া থেকে ১৯টি গরু নিয়ে মৌলভীবাজার এসেছেন বাবর আকন্দ। এক লাখ টাকায় যে গরুটি কিনছিলেন, ক্রেতারা এর দাম বলছেন ৭৫ হাজার টাকা। আকন্দ বলেন, একেকটা গরু এখানে আনতে আরও পাঁচ হাজার টাকা খরচ হয়েছে। অথচ ক্রেতারা দামই ওঠাতে চাইছেন না। ক্রেতারা মনে করছেন, বগুড়ায় বন্যা হয়েছে, খামারিরা কম দামে বিক্রি করে দেবেন।

মৌলভীবাজার পৌরসভার স্টেডিয়াম এলাকায় বসা হাটে গরু নিয়ে এসে এমন বিপাকে আছেন অনেকে। ঈদুল আজহার আর মাত্র চার দিন বাকি। অথচ এ পশুর হাট এখনো জমেনি। হাটে কোরবানির পশুর সংখ্যা যেমন কম, তেমনি ক্রেতার উপস্থিতিও কম।

বগুড়ার গরু ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, ‘বাজারে কাস্টমার নাই। চার বছর ধরে এই হাটে আসি। এবার বাজারের অবস্থা ভালো না। গতবার আমরা ২০ ট্রাক গরু নিয়ে আসছিলাম। এবার মাত্র ছয় ট্রাক গরু আনছি।’

হাটের ইজারাদার শেখ রুমেল আহমদ বলেন, এ হাটের মূল ভরসা মৌলভীবাজার শহর ও শহরতলির ক্রেতারা। তাঁর ধারণা, আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বাজার ভালো জমবে।

এদিকে হবিগঞ্জের গরুর বাজারে ক্রেতার চেয়ে গরু বেশি। বেচাকেনার বদলে চলছে দাম যাচাই-বাছাইয়ের পালা।

জেলার ৮টি উপজেলায় গরু-ছাগলের হাট রয়েছে ৩৬টি। গত মঙ্গলবার দেখা যায়, জেলার ভাটি এলাকা থেকে নৌকা করে অনেক গরু আসছে বাজারে। পাশাপাশি কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট থেকেও গরু আসছে।

খোয়াই নদের পারের গরুবাজারে ১৩টি গরু নিয়ে এসেছেন খামারি আবদুল বারিক। তিনি বলেন, বাজার এখনো ভালোভাবে জমেনি। এখন সবাই আসছেন বাজারদর বুঝতে। তাঁর ধারণা, ঈদের দু-এক দিন আগে এ বাজার জমে উঠবে।

অন্য খামারি বাহুবলের রজব উদ্দিন বলেন, এ বছর খড়, ভুসি, খৈলসহ গরুর খাবারের দাম ছিল একটু বেশি।

হবিগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইসহাক মিয়া বলেন, হবিগঞ্জ জেলায় এ বছর কোরবানির পশুর চাহিদা প্রায় লক্ষাধিক।