গরুসহ ধরে অভিযোগ মাদক সেবনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরুসহ দুই চোর ধরা হলেও মাদক সেবনের অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবার তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার পুলিশের বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছে। পরে আদালত দুজনকে ছয় মাস ও একজনকে সাত দিনের কারাদণ্ড দেন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার রাতে পাশের চিরিরবন্দর উপজেলার আন্ধারমুয়া গ্রামের মসজিদের ইমাম মো. হেবলুর বাড়ি থেকে কালো রঙের একটি বিদেশি জাতের গাভি চুরি হয়। একই গ্রামের সুমন চন্দ্র রায় (২০) ও আরশাদ আলী (২১) গরুটি চুরি করেন। তাঁরা হলুদ রঙের একটি পিকআপে করে গরুটি পার্বতীপুর নিয়ে যাচ্ছিলেন। পথে পার্বতীপুর মডেল থানা অতিক্রমের সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) মোকসেদুল হক তাঁদের আটক করেন। পরে চোরসহ পিকআপ ও গরু থানায় নিয়ে আসা হয়। খবর পেয়ে চোরদের আত্মীয়রা থানায় ভিড় করেন। পিকআপের মালিক পার্বতীপুর শহরের রেয়াজনগর মহল্লার বাসিন্দা সাইফুল ইসলামও থানায় আসেন। পরে পুলিশ পিকআপচালক আনারুল হক ও দুই গরু চোরকে নিয়ে যায় ভ্রাম্যমাণ আদালতে। এ সময় পুলিশ ওই তিন আসামির বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ আনে। পরে সুমন ও আরশাদ আলীকে ছয় মাস ও পিকআপচালককে সাত দিনের সাজা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার মাহমুদুর রহমান। তিন আসামিকেই কারাগারে পাঠানো হয়েছে।
পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বেলাল হোসেন বলেন, আসামিরা গরুচোর হলেও মাদকসেবী। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বলেন, নেশা করতেন বলেই তাঁরা গরু চুরি করেছেন। গরু কী করলেন জানতে চাইলে তিনি বলেন, গরু নিয়ে গেছেন মালিক, পিকআপটিও এর মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে তরফদার মাহমুদুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতে গরু চুরির প্রসঙ্গটি আসেনি। এসেছে মাদক সেবনের বিষয়টি। তাই তাঁদের মাদক সেবনের দায়ে ওই সাজা দেওয়া হয়েছে।