কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া সেতু রক্ষার জন্য তিন দফা দাবির দ্রুত বাস্তবায়ন চান এলাকাবাসী।
গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তাঁরা এসব দাবি জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী, সংরক্ষিত নারী সদস্য আয়েশা খানম চৌধুরী, ইউপি সদস্য নুরুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউনুস, সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী।
সমাবেশে তিন দফা দাবি পেশ করেন ইউপি চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী।
দাবিগুলো হলো বাঁকখালী নদীর চর খননের মাধ্যমে স্রোতের গতিপথ ঠিক করা, সম্রাট শাহসুজা সড়ক ও গর্জনিয়া সেতুর দক্ষিণাংশের বিলীন সড়ক মেরামত করে যানবাহন চালু এবং বাঁকখালী নদীর ভাঙনের কবল থেকে ইউনিয়নের চারটি গ্রাম রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, গর্জনিয়া সেতু রক্ষা করার জন্য পানিসম্পদ মন্ত্রণালয় তিন কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যে দরপত্র আহ্বান করে নদীর খননকাজ শুরু করা হবে। এতে গর্জনিয়া সেতু রক্ষা পাবে।
২০১৫ সালের জুন মাসে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে গর্জনিয়া সেতুর দক্ষিণ অংশের সংযোগ সড়ক বিলীন হয়। এরপর থেকে নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া-ঈদগড়-বাইশারী সড়কে সরাসরি যান চলাচল বন্ধ আছে।