গর্জনের বুকে দস্যুদের করাত!

কয়েক হাত অন্তর পড়ে আছে মরা গর্জনগাছের গোড়া। কোনো কোনোটিতে সদ্য কাটার দাগ। কোনোটি শুকিয়ে গেছে। এক শ গজের মধ্যে পাওয়া যায় এ রকম ১৫টি কাটা গাছের গোড়া। আবার কিছু স্থানে চোখে পড়ে অর্ধেক কাটা গাছ। হয়তো কয়েক দিন পর এটিও দস্যুদের ‘ভোগে’ পরিণত হবে। এভাবেই গর্জনের বুকে করাত চালাচ্ছে বনদস্যুরা। এ চিত্র চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডুমখালী এলাকার সংরক্ষিত বনের।
সরেজমিনে দেখা যায়, শুধু পূর্ব ডুমখালী নয়, ছগিরশাহ কাটা, ডুমখালী, রিংভং ও মিঠাছড়ি এলাকার চিত্রও একই। দস্যুরা কেটে সাবাড় করছে বনের গাছ।
বন বিভাগ সূত্র জানায়, এই এলাকার সংরক্ষিত বন কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারা বনবিটের আওতাধীন। উনিশ শতকের শুরু থেকে ১৯৮০ সাল পর্যন্ত গর্জনগাছের চারা রোপণ করে সংরক্ষিত বনাঞ্চল গড়ে তোলা হয়েছে। এ বনাঞ্চল থেকে বীজ সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় গর্জন–বাগান সৃজন করা হচ্ছে। রয়েছে মা গর্জন (মাদার ট্রি) গাছও। এ ছাড়া বিভিন্ন সময় সামাজিক বনায়নের আওতায় একাশিয়াগাছ রোপণ করা হয়।
ডুমখালীর বাসিন্দা ছমিউদ্দিন, মনজুর কাদের ও শেফায়েল উদ্দিন বলেন, ‘প্রতি রাতেই গাছ কাটছে দস্যুরা। গভীর বনের গাছ শেষ করে এখন বড় গাছের সন্ধানে চট্টগ্রাম-কক্সবাজারের পাশে চলে এসেছে।’
স্থানীয় লোকজনের দাবি, ডুলাহাজারা বনবিট এলাকা থেকে গত তিন মাসে (অক্টোবর থেকে ডিসেম্বর) দেড় শতাধিক মাঝারি গর্জন ও সামাজিক বনায়নের অন্তত এক হাজার একাশিয়া গাছ কেটে নিয়েছে বনদস্যুরা।
এ ব্যাপারে ফাঁসিয়াখালী রেঞ্জের তত্ত্বাবধায়ক (রেঞ্জার) এ বি এম জসিম উদ্দিন জানান, কত গাছ কাটা পড়েছে এই হিসাব তাঁদের কাছে নেই। মা গর্জন কাটা পড়েছে কি না, তা–ও জানেন না তিনি। তিনি জানান, ডুলাহাজারা বন বিটের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চলে কমপক্ষে ১০০টি মা গর্জন থাকতে পারে।
তবে বন বিভাগের কর্মকর্তাদের দাবি, দস্যুদের প্রতিরোধে সব সময় সজাগ আছেন তাঁরা।
ডুলাহাজারা বন বিট কর্মকর্তা সাব্বির জাহাঙ্গীর বিন ওয়ালী বলেন, ‘গত তিন মাসে বনদস্যুদের নামে ছয় থেকে সাতটি মামলা করা হয়েছে। আড়াই থেকে তিন শ ঘনফুট গাছ আটক করা হয়েছে। আমিসহ বনকর্মীরা দিন–রাত বন পাহারা দিচ্ছি।’ কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. শাহ-ই আলম বলেন, ‘যাঁরা বনের গাছ কাটেন, তাঁরা ও তাঁদের পরিবারকে নিয়ে আমরা বিভিন্ন মোটিভেশন প্রোগ্রাম করেছি। ক্রেল প্রকল্পের মাধ্যমে হস্তশিল্পের ওপর কারিগরি প্রশিক্ষণ দিয়েছি। এরপরও স্বাভাবিক পথে ফিরে না আসায় কয়েকজনকে র্যাব-পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে বনের গাছ কাটা পুরোপুরি বন্ধ রয়েছে বলে আমার কাছে খবর আছে। তারপরও পূর্ব ডুমখালীসহ বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করে গাছ কাটার প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’