গর্ত আর ধুলায় চরম ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে গেছে সড়ক (ওপরে)। পিচ, খোয়া, ইট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ছবিগুলো ঢাকা–নারায়ণগঞ্জ সড়কের আলীগঞ্জ এলাকার l প্রথম আলো
ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে গেছে সড়ক (ওপরে)। পিচ, খোয়া, ইট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ছবিগুলো ঢাকা–নারায়ণগঞ্জ সড়কের আলীগঞ্জ এলাকার l প্রথম আলো

ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের বিভিন্ন অংশ এবড়োখেবড়ো হয়ে আছে। গর্ত আর ধুলাবালুর কারণে এই সড়কে চলতে গিয়ে যানবাহনের যাত্রী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

গত সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, খানাখন্দের কারণে আলীগঞ্জ এলাকায় সড়কে ধীরগতিতে চলছে যানবাহন। সড়ক ধুলাবালুতে আচ্ছন্ন। মানুষকে নাক-মুখ চেপে চলতে হচ্ছে। আলীগঞ্জ এলাকার বাসিন্দা চা দোকানি ষাটোর্ধ্ব বাদশা মিয়া বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কটি ব্রিটিশ আমলের। এই রাস্তায় যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, রিকশাসহ হাজার হাজার যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটির বিভিন্ন অংশের পিচ, পাথর ও ইটের খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্ত ও ধুলাবালুর কারণে এই সড়কে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়েছে। যখন কোনো যানবাহন চলাচল করে, তখন ধুলাবালুতে সড়কটি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। কিন্তু বছরের পর বছর সড়কটি বেহাল হলেও সংস্কারের উদ্যোগ নেই। তিনি বলেন, এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে। উল্টে যায় অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন।

সিমেন্ট ব্যবসায়ী মোহাম্মদ সুলতান বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ সড়ককে কেন্দ্র করে গড়ে উঠেছে ইট, বালু, পাথর, সিমেন্ট, রডসহ বিভিন্ন ব্যবসা। কিন্তু প্রায় পুরো সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ধুলাবালুর কারণে সড়কটিতে চলাচল করা দায়। তিনি বলেন, নির্মাণকাজে ব্যবহৃত ইট, বালু ও পাথর ঢেকে পরিবহন না করায় ধুলাবালু উড়ে সড়কটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষাকালে কম থাকলেও শীতে এই ভোগান্তি কয়েক গুণ বেড়ে যায়।

ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে গেছে সড়ক (ওপরে)। পিচ, খোয়া, ইট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ছবিগুলো ঢাকা–নারায়ণগঞ্জ সড়কের আলীগঞ্জ এলাকার l প্রথম আলো
ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে গেছে সড়ক (ওপরে)। পিচ, খোয়া, ইট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ছবিগুলো ঢাকা–নারায়ণগঞ্জ সড়কের আলীগঞ্জ এলাকার l প্রথম আলো

আলীগঞ্জ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র জাহিদ হাসান বলে, ‘রাস্তাটি ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে রিকশা যেতে চায় না। শিক্ষার্থীদের হেঁটে স্কুলে আসা-যাওয়া করতে হয়। ধুলাবালুতে স্কুলের ড্রেস নষ্ট হয়। শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।’ একই ক্লাসের ছাত্র শাওন বলে, দিন-রাত এই সড়কটিতে যানজট লেগে থাকে। এই সড়কে যে পরিমাণ ধুলাবালু ওড়ে, তা একটি বালুর মাঠেও ওড়ে না।

আলীগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল কুমার সরকার বলেন, সংস্কারের পাশাপাশি রাস্তাটির দুই পাশে পানি নিষ্কাশনের জন্য নালা নির্মাণ করা না হলে এই সমস্যার কখনো সমাধান হবে না।

সড়কটি দেখভালের দায়িত্বে থাকা ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী ইকবাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সড়কটির যে অংশগুলো ভেঙে গেছে, সেগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৫-২০ দিনের মধ্যে কাজ শুরু করা হবে। এ ছাড়া ওই সড়কটির বিভিন্ন অংশ নিচু হওয়ায় পানি জমে নষ্ট হয়ে যায়। এ কারণে তা উঁচু করে সংস্কারের জন্য প্রাক্কলন তৈরি করা হচ্ছে, পরে মন্ত্রণালয়ে পাঠানো হবে। সড়কের দুই পাশে ড্রেন নির্মাণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘ঢাকা সার্কুলার রোড নামে আমাদের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পে আবদুল্লাহপুর থেকে শুরু হয়ে গাবতলী, সদরঘাট এলাকার সোয়ারীঘাট থেকে কদমতলী দিয়ে পোস্তগোলা, পঞ্চবটী, চাষাঢ়া, শিমরাইল হয়ে ডেমরা পর্যন্ত সড়কটি আট লেন হবে। এটার বিশেষজ্ঞ নিয়োগ করা হয়ে গেছে। নকশা প্রণয়নের কাজ চলছে।’