গর্ত করে বালু তোলায় ঝুঁকিতে বিভিন্ন স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার ঝিনাই গ্রামে জমিতে গর্ত করে অবৈধভাবে বালু তোলায় গ্রামের পাকা সড়ক, একটি বিদ্যালয়ের ভবন ও কয়েকজনের বসতঘর ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে ওই গ্রামের মোস্তাফিজার রহমান ২২ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চিকাশি ইউনিয়নের মানুষের যাতায়াতের সুবিধার জন্য ২০০৪ সালে ঝিনাই গ্রামের মধ্যে দিয়ে ছয় কিলোমিটার দীর্ঘ পাকা রাস্তা নির্মাণ করা হয়। সড়কের দুই পাশে (পূর্ব ও পশ্চিম) ৩০ শতক খাসজমি আছে। সড়কের পূর্ব পাশে ঝিনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল পাকা ভবন, কয়েকটি আধা পাকা বসত ও দোকানঘর আছে। এক সপ্তাহ আগে একরাম হোসেন নামের এক ব্যক্তির নেতৃত্বে গ্রামের কিছু লোক প্রথমে ওই ৩০ শতক জমি দখল করেন। তাঁরা সড়কের পূর্ব পাশের জমিতে একটি বড় গর্তে করে সেখান থেকে দুটি শ্যালোইঞ্জিনচালিত যন্ত্র বসিয়ে বালু তুলছেন। পরে তাঁরা ওই বালু দিয়ে পশ্চিম পাশের জমি ভরাট করছেন।

একরাম হোসেন বলেন, ‘ঈদগাহ মাঠ করার জন্য ২২ শতক জায়গা কেনা হয়েছে। কিন্তু এটুকুর মধ্যে মাঠ হয় না। তাই ১০ শতক খাসজমি দখল নিয়ে ভরাটের জন্য বালু তুলছি। আর দু-একদিন তুলেই মেশিন সরিয়ে নেব।’ খাসজমি দখল করার বিষয়ে তিনি জানান, সরকারি জমি খালি পড়েছিল। এ কারণে গ্রামবাসীকে নিয়ে তিনি ঈদগাহ মাঠ করার জন্য ওই জমি দখলে নিয়েছেন।

ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান জানান, মাটির গভীর থেকে বালু তোলা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।