গর্ত খননকারীসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর উত্তোলন করতে গিয়ে গর্তধসে শ্রমিক নিহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গত বুধবার রাতে গোয়াইনঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিকুর রহমান এই মামলা করেন।
মামলায় ঘটনাস্থল থেকে আটক তিন শ্রমিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামি করা হয়েছে গর্তখননকারী সাতজনকে।
গত বুধবার বেলা ১১টার দিকে জাফলংয়ের ‘মন্দিরের জুম’ এলাকায় খাসিদের পুরোনো রাজবাড়ির ধ্বংসাবশেষের আশপাশে গর্ত খনন করে পাথর তোলার সময় ধসে মো. মুস্তাকিম (২০) নামের একজন পাথরশ্রমিক নিহত হন। তাঁর বাড়ি হবিগঞ্জের বানিয়াচং এলাকার ইসবপুর গ্রামে। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে মুস্তাকিমের লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে মুস্তাকিমের সঙ্গে থাকা পাথরশ্রমিক ইসবপুরের জবান আলী, লেবু মিয়া ও সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর গ্রামের যতীশ দাসকে আটক করে পুলিশ।
গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গর্ত খনন করছিলেন সাতজন পাথর কারবারি। আটক তিনজন ছিলেন কারবারিদের সহযোগিতাকারী। এ জন্য মামলায় তাঁদের আসামি করে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া গর্ত খননকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলতাফুর রহমান জানান, গর্তমালিককে ঘটনার পর থেকে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি জাফলংয়ে চুনাকোয়ারি গর্তধসে দুই পাথরশ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় গর্তমালিকসহ তিনজনকে আটক করে হত্যা মামলা করা হয়েছে। চুনাকোয়ারির পাশে মন্দিরের জুম এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে ঘটল শ্রমিক নিহতের দ্বিতীয় ঘটনা। ৯ ফেব্রুয়ারি একই উপজেলার জাফলংয়ের পার্শ্ববর্তী বিছনাকান্দি এলাকায় পাথর তোলার গর্ত ধসে তিনজন পাথরশ্রমিক নিহত হন। গত প্রায় দুই মাসে গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় পাথর উত্তোলনে পৃথক সাতটি গর্তধসের ঘটনায় পাথরশ্রমিকসহ ১৪ জন নিহত হয়েছেন।