
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়ক সম্প্রসারণের উদ্দেশ্যে দুই পাশে গত নভেম্বরে খোঁড়াখুঁড়ি শুরু হয়। প্রায় ২০০ মিটার জায়গায় গর্ত খুঁড়ে বালু ফেলা হয়। এরপর কাজ বন্ধ রাখা হয়। এ কারণে এখানে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দুর্ভোগের শিকার হচ্ছে হাজারো মানুষ।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সিরাজগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের দুই পাশ সম্প্রসারণের কার্যাদেশ দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান মীর হাবিবুল আলম কনস্ট্রাকশন লিমিটেডকে। প্রতিষ্ঠানটি গত নভেম্বরের শুরুর দিকে মহাসড়কের ওই অংশের দুই পাশে গর্ত করে। পরে বালু ফেলে আর কোনো কাজ করেনি।
গত শুক্রবার জানতে চাইলে স্থানীয় অন্তত পাঁচজন বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে এভাবে মহাসড়কের এই অংশে খুঁড়ে রাখা হয়। এতে প্রায় প্রতিদিনই এই এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। তা ছাড়া ঝুঁকি নিয়ে ভুইয়াগাঁতী থেকে ধানগড়া, ভুইয়াগাঁতী থেকে নিমগাছি হয়ে তাড়াশ ও ভুইয়াগাঁতী থেকে চান্দাইকোনায় যাত্রী ও পথচারীদের যাতায়াত করতে হচ্ছে।
ভুইয়াগাঁতী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, মহাসড়কের গুরুত্বপূর্ণ একটি বাসস্ট্যান্ডের দুই পাশে এভাবে গর্ত করে রাখায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে যানবাহনে ওঠানামা করতে হচ্ছে। শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে। এখানে নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে। মহাসড়কের পাশে গর্ত থাকায় বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রীরাও যেকোনো সময় যানবাহনের নিচে চাপা পড়তে পারে।
ঘুড়কা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজাউল করিম বলেন, জনদুর্ভোগ নিরসনে এলাকাবাসী মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।
জানতে চাইলে ইউএনও ইকবাল আখতার বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। কিছুদিনের মধ্যেই সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়।