পিচঢালাই উঠে গিয়ে শতাধিক স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও গর্তগুলো এতটাই বড় যে বৃষ্টির পানি জমলে সেগুলোকে ডোবা মনে হয়। প্রায়ই এসব ডোবায় চাকা পড়ে আটকে থাকে যান। তখন বেঁধে যায় যানজট।
এই অবস্থা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের। দক্ষিণ কুমিল্লার ছয়টি উপজেলার পাশাপাশি লক্ষ্মীপুর, নোয়াখালী ও চাঁদপুর জেলার সব যানবাহন এই সড়ক দিয়ে ঢাকায় যাতায়াত করে। পুরো সড়কটি ৫৯ কিলোমিটার। এর মধ্যে প্রায় ৪৫ কিলোমিটারই কুমিল্লা জেলায়। বাকি ১৪ কিলোমিটার নোয়াখালী জেলার মধ্যে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় মহাসড়ক দিয়ে যাতায়াতকারী শত শত মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, কুমিল্লার পদুয়ার বাজার, বিশ্বরোড, চাঁদপুর, বিজয়পুর, লালমাই, বাগমারা বাজার, হরিশ্চর বাজার, লাকসাম জংশন, খিলা, নাথেরপেটুয়া, বিপুলাসার বাজার এলাকায় মহাসড়কটির অবস্থা সবচেয়ে খারাপ। ছোট-বড় গর্তের পাশাপাশি অনেক স্থানে মহাসড়ক দেবে গেছে। কোথাও সড়কের ওপরে ডোবার সৃষ্টি হয়েছে।
বরুড়ার বলাকা বাসের চালক ফরিদ উদ্দিন বলেন, ডোবাগুলোতে মাঝেমধ্যে ইট-সুরকি দেওয়া হয়। কিন্তু অতিবর্ষণের কারণে তা টেকে না। মহাসড়কের কয়েকটি অংশের অবস্থা খুবই খারাপ। ফলে এই রাস্তায় বাস নিয়ন্ত্রণে রাখতে বেগ পেতে হয়। মাঝেমধ্যেই ঘটে দুর্ঘটনা।
সর্বশেষ গত রোববার সকালে সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর হাজারি ফিলিং স্টেশনের সামনে পণ্যবাহী তিনটি ট্রাক গর্তে পড়ে আটকে যায়। এতে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের উভয় দিকে ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। তখন ভ্যাপসা গরমে ঘরমুখী মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবীসহ সবাইকে নাকাল হতে হয়।
উপকূল বাস সার্ভিসের অন্যতম স্বত্বাধিকারী কবির আহমেদ বলেন, কুমিল্লা-নোয়াখালী মহাসড়কটি কয়েকটি জেলার জন্য গুরুত্বপূর্ণ। এমন একটি সড়কেও দীর্ঘদিন ধরে সংস্কারকাজ হচ্ছে না। বিষয়টি খুবই দুঃখজনক।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বলছে, কুমিল্লা নগরের টমছমব্রিজ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত পুরো সড়কটি সংস্কারে প্রকল্প নেওয়া হয়েছিল। এর জন্য ৬৭৪ কোটি ৭২ লাখ টাকা বরাদ্দের একটি প্রস্তাব তোলা হয়। কিন্তু শুরুতে প্রকল্পটি যেমন ছিল, পরে তাতে পরিবর্তন আসায় দীর্ঘসূত্রতা হচ্ছে। পাশাপাশি বর্ষার কারণে এখন আপৎকালীন সংস্কারকাজও ঠিকমতো চালানো যাচ্ছে না।
কুমিল্লা সওজের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সাইফউদ্দিন বলেন, ‘প্রস্তাবিত ওই প্রকল্পের শুরুতে বলা হয়, টমছমব্রিজ থেকে সদর দক্ষিণ উপজেলার লালমাই পর্যন্ত ১৩ দশমিক ৫৫ কিলোমিটার রাস্তা চার লেন করা হবে। লালমাই থেকে বেগমগঞ্জ পর্যন্ত দুই লেন হবে। কিন্তু ঢাকায় গত ৩ জুলাই প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় প্রস্তাবিত প্রকল্পটি বাতিল করা হয়। একই সঙ্গে টমছমব্রিজ থেকে বেগমগঞ্জ পর্যন্ত পুরো মহাসড়ক চার লেন করার সিদ্ধান্ত হয়েছে। আমরা এখন কিছু সংস্কারকাজ করছি। তবে বৃষ্টির কারণে তা পুরোদমে এগোচ্ছে না।’
মহাসড়কটির নোয়াখালীর ১৪ কিলোমিটারেরবেশির ভাগ অংশই খানাখন্দে ভরা। এ অংশ যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়লেও থেমে নেই গাড়ির চাকা। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা।
গত বৃহস্পতিবার নোয়াখালীর চৌমুহনী চৌরাস্তা থেকে সোনাইমুড়ীর চাষিরহাট পর্যন্ত ঘুরে দেখা যায়, কার্পেটিং উঠে গিয়ে পুরো সড়কে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না।
ঢাকা থেকে নোয়াখালীগামী পণ্যবাহী ট্রাকের চালক আবদুল জলিল ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকা থেকে এতটা পথ গাড়ি চালিয়ে আসতে যতটা না কষ্ট হয়েছে, তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে এই এলাকার কয়েক কিলোমিটার সড়কে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত ৮-১০ বছরে এই সড়কে যানবাহনের সংখ্যা কয়েক গুণ বেড়েছে। কিন্তু সে অনুযায়ী সড়কটি প্রশস্ত করা হয়নি। এমনকি যথাযথভাবে সংস্কারও করা হয়নি। মাঝেমধ্যে নামমাত্র সংস্কার করা হয়। এ কারণেই সড়কটির অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে।
সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সামছু বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিনই গাড়ির ছোটখাটো রক্ষণাবেক্ষণের কাজ করাতে হয়। তাই গাড়ি চালিয়ে লাভের মুখ দেখা যাচ্ছে না।
কলেজশিক্ষিকা তাছলিমা আক্তার বলেন, সড়কের খানাখন্দের কারণে গাড়িতে প্রচণ্ড ঝাঁকুনি হয়। এতে শরীর ব্যথা হয়ে যায়।
নোয়াখালী সওজ সূত্র বলছে, আড়াই বছর আগে এই মহাসড়কে সাময়িকভাবে বিটুমিন ঢেলে তার ওপর পাথর ছিটিয়ে দেওয়া হয়েছিল। এমন কাজ সাধারণত এক বছরের জন্য করা হয়। এখন সড়কটির পাকা অংশ পুরোপুরি উঠিয়ে তা নতুন করে নির্মাণ করতে হবে।
নোয়াখালী সওজের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহেদ হোসেন প্রথম আলোকে বলেন, বর্তমান অবস্থা থেকে উত্তরণে সওজর কর্মীরা গর্তগুলো ইট-পাথরের খোয়া ও বিটুমিন দিয়ে ভরাট করে দিচ্ছেন। কয়েক দিনের মধ্যে কাজ শেষ হবে। তারপর পরিস্থিতি অনেকটা ভালো হবে। কিন্তু কুমিল্লা থেকে বেগমগঞ্জ পর্যন্ত চার লেন করার যে প্রস্তাব পাস হওয়ার অপেক্ষা রয়েছে, সেটিই হবে সবচেয়ে বড় সমাধান।