রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়ায় নির্মাণাধীন ইমপালস মেডিকেল কলেজ ও হাসপাতালের পাইলিংয়ের গর্ত মাটি দিয়ে ভরাটের কাজ চলছে। সেনাবাহিনীর একটি দল এই ভরাটকাজ করছে। গর্তের বেশির ভাগ অংশই এখনো ভরাট করার বাকি।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুজন বিশেষজ্ঞ গতকাল সোমবার ওই স্থান পরিদর্শন করেন।গত শুক্রবার রাতে ওই পাইলিংয়ের দেয়ালধসের পর পাশের দুটি বাড়ি ও রাস্তার একাংশ ধসে পড়ে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে পার্শ্ববর্তী কয়েকটি বাড়ি।গতকাল দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আশপাশের বাড়িগুলো ঝুঁকিমুক্ত করার জন্য সেনাবাহিনীর দলটি নির্মাণাধীন হাসপাতালের পাইলিংয়ের গর্তে মাটি ফেলছে। গর্তের উত্তর-পূর্ব দিকের বেশির ভাগ অংশ ভরাট করা হয়েছে। তবে পশ্চিম দিকের অংশ এখনো ভরাট করা হয়নি। ফলে আশপাশের সাত-আটটি বাড়ি এখনও ঝুঁকিপূর্ণ রয়েছে। গর্তটি সম্পূর্ণ ভরাট করতে আরও দুই-তিন দিন লাগবে বলে সেখানে কর্মরত সেনাসদস্যরা জানান।এদিকে ঝুঁকিপূর্ণ বাড়িগুলোর অধিকাংশ বাসিন্দা গতকালও নিজ বাসায় ফিরতে পারেনি। সামনের দেয়ালে বড় ধরনের ফাটল ধরা পূর্ব দিকের পাঁচতলা (প্লট-২৪৩/এ/১২) বাড়িটি গতকালও তালাবদ্ধ দেখা গেছে। উত্তর দিকের পাঁচতলা বাড়িতেও (প্লট-২৪৩/এ/১৭) কোনো বাসিন্দা ওঠেনি।বেলা তিনটার দিকে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক এ এম এম সফিউল্লাহ ও অধ্যাপক সৈয়দ ফখরুল আমিন ঘটনাস্থলে যান। তাঁরা সেখানে প্রায় আধা ঘণ্টা ঘুরে দেখেন। পরে সৈয়দ ফখরুল আমিন উপস্থিত সাংবাদিকদের বলেন, এখানকার মাটি সঠিকভাবে পরীক্ষা (সয়েল টেস্ট) করা হয়েছিল কি না, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ ছাড়া নকশা করার সময় মাটির চাপ (সয়েল প্রেসার) সঠিকভাবে নির্ণয় করা এবং সে অনুসারে কাঠামো নির্মাণ করা হচ্ছিল কি না, এ বিষয়টিও গুরুত্বপূর্ণ।এ এম এম সফিউল্লাহ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, বিভিন্ন কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পাইলিংয়ের ব্রেসিং (গর্ত করা হলে পাড়ের মাটি ঠেকিয়ে রাখার কাঠামো) ধারাবাহিক নয়। কিছু জায়গায় ব্রেসিং আছে, কিছু জায়গায় নেই। কিন্তু যেদিকে ব্রেসিং আছে, সেদিকের দেয়ালই ধসে পড়েছে। এ থেকে মনে হয়, ব্রেসিং দুর্বল ছিল। গর্ত ভরাট করায় পার্শ্ববর্তী বাড়িগুলোর প্রাথমিক ঝুঁকি এড়ানো যাবে উল্লেখ করে তিনি বলেন, উত্তর-পূর্ব দিকের পাঁচতলা বাড়িটি ঝুঁকিমুক্ত হলেও পশ্চিম দিকের অন্য পাঁচতলাটি এখনো ঝুঁকিপূর্ণ।অধ্যাপক সফিউল্লাহ আরও বলেন, ‘নকশা করা থেকে কাঠামো নির্মাণের প্রতিটি স্তরে পরিদর্শকের প্রয়োজনীয়তার কথা আমরা অনেক আগেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) বলেছি। বিশ্বের অন্য সব দেশেই বিল্ডিং ইন্সপেক্টর (ভবন পরিদর্শক) আছে। কিন্তু রাজউক এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।’