গর্তে গর্তে ভরে গেছে সিলেটের কিনব্রিজ

সিলেট নগরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর ওপর ১৯৩৬ সালে স্থাপন করা হয় কিনব্রিজ। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত লোকজনকে এই সেতু হয়েই সিলেটে ঢুকতে হয়। সংস্কারের অভাবে ঐতিহ্যবাহী এই সেতুর অবস্থা এখন বেহাল।
স্থানীয় লোকজন বলছেন, গুরুত্বপূর্ণ এই সেতুটির সংস্কার না হওয়ায় যানবাহনের পাশাপাশি পথচারীদেরও ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। তাঁরা দ্রুত সেতু সংস্কারের দাবি করেছেন।
গত সোমবার সরেজমিনে দেখা গেছে, ৩৯৫ মিটার দৈর্ঘ্য ও ৫ দশমিক ৫০ মিটার প্রস্থের সেতুটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ। কার্পেটিং উঠে গিয়ে সেতুর রাস্তাজুড়ে অসংখ্য গর্ত। এতে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। এ ছাড়া সেতুর বেশ কিছু সড়কবাতি নষ্ট হয়ে আছে। সেতুতে ছড়িয়ে ছিটিয়ে আছে পরিত্যক্ত কাগজ, প্লাস্টিকের বোতল। নিয়মিত ময়লা পরিষ্কার না করায় সারাক্ষণই ধুলো উড়ছে।
কিনব্রিজ হয়ে নিয়মিত যাতায়াতকারী আকবর হোসেন বলেন, সেতুটি উঁচু হওয়ায় রিকশাচালকদের টেনে টেনে কষ্ট করে সেতু পার হতে হয়। এর সঙ্গে খানাখন্দের সৃষ্টি তাঁদের ভোগান্তি আরও বাড়িয়েছে। এ কারণে অনেকে রিকশা না নিয়ে হেঁটেই সেতু পার হন।
রিকশাচালক রহমত আলী বলেন, ‘কিনব্রিজের রাস্তাটা খুব উচা। রিকশা টানতে ম্যালা শক্তি লাগে। এখন আবার খালি গাত (গর্ত) আর গাত। একবার রিকশা গাতে পড়লে উঠাইতে ম্যালা কষ্ট হয়।’
সেতুর ৩২টি সড়কবাতির মধ্যে ১২টিই অকেজো। এ ছাড়া পাঁচ হাজারের বেশি ওয়াটের ১০টি বৈদ্যুতিক বাতির মধ্যে তিনটি দীর্ঘদিন ধরে জ্বলছে না। এ কারণে সন্ধ্যার পর যানচালক ও পথচারীদের সেতু পার হতে ভীষণ সমস্যা হচ্ছে বলে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান।
দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার ব্যবসায়ী মো. সাহাব উদ্দিন বলেন, সেতুতে কোনো পোস্টার, বিলবোর্ড বা ফেস্টুন না লাগাতে জনসাধারণের উদ্দেশ্যে সতর্কীকরণ নোটিশ টাঙিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। কিন্তু তা অমান্য করে নিয়মিত সেতুতে পোস্টার ও ফেস্টুন লাগানো হচ্ছে। এসব অপসারণে কোনো অভিযানও চালানো হচ্ছে না।
কিনব্রিজের অভ্যন্তরীণ সড়কটি দেখভালের দায়িত্ব সড়ক ও জনপথ (সওজ) বিভাগের। সওজের এক কর্মকর্তা জানান, সর্বশেষ ২০০৬ সালে তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের বিশেষ উদ্যোগে সেতু ও এর রাস্তাটির ব্যাপক সংস্কার হয়েছিল। এরপর আরও দুই দফা সংস্কার হয়েছে, তবে তা সীমিত পরিসরে। সংস্কারের অভাবে রাস্তাটির অবস্থা খারাপ হয়েছে। চলতি মৌসুমে মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে খানাখন্দ আরও বেড়েছে।
যোগাযোগ করলে সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম বলেন, খানাখন্দ সংস্কার করতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। তবে সড়কবাতি লাগানো ও অবৈধ সাইনবোর্ড-ফেস্টুন অপসারণের দায়িত্ব সিটি করপোরেশনের।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, অকেজো সড়কবাতি সচল করতে উদ্যোগ নেওয়া হবে। কিছুদিনের মধ্যেই অভিযান চালানো হবে সেতু থেকে ব্যানার-ফেস্টুন অপসারণের জন্য। পাশাপাশি সেতুর ময়লা পরিষ্কার করতেও পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশ দেওয়া হবে।