গর্তে ট্রাক আটকে নগরীতে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়ায় ঢাকা ওয়াসার রাস্তা খোঁড়াখুঁড়িতে সৃষ্ট গর্তের কারণে যান চলাচলে িবঘ্ন ঘটে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়ায় ঢাকা ওয়াসার রাস্তা খোঁড়াখুঁড়িতে সৃষ্ট গর্তের কারণে যান চলাচলে িবঘ্ন ঘটে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়ায় ঢাকা ওয়াসার রাস্তা খোঁড়াখুঁড়িতে সৃষ্ট গর্তে পড়ে ট্রাক আটকে যাওয়ায় নগরীতে দিনভর তীব্র যানজটের সৃষ্টি হয়। গতকাল শনিবার বিকেলে ব্যস্ততম সান্তনা মার্কেটের সামনে ওয়াসার পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন পাইপলাইনের কাজ করায় সৃষ্ট গর্তে ট্রাকের পেছনের একটি চাকা আটকে গেলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে রেকার দিয়ে রাত সাড়ে আটটার দিকে ট্রাকটি টেনে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। তবে এর মধ্যে পুরো নগরীতে যানজট ছড়িয়ে পড়ে।
জানা গেছে, গত শুক্রবার থেকে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় সান্তনা মার্কেটের সামনে ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের মোড়ে রাস্তা খুঁড়ে পানি সরবরাহ লাইনের কাজ করছে ঢাকা ওয়াসা। গতকাল শনিবার দুপুর পর্যন্ত সড়কটিতে ওয়াসার লোকজন কাজ করেন। বিকেলে বৃষ্টির সময় ওয়াসার করা গর্তে একটি ট্রাকের চাকা আটকা পড়লে ওই সড়কের এক পাশে ঢাকামুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে পুরো নগরীতে যানজট ছড়িয়ে পড়ে। রাত আটটার দিকে রেকার দিয়ে গর্তে আটকে পড়া ট্রাক সরিয়ে নিলে ওই সড়কে যান চলাচল শুরু হয়। তবে পুরো নগরে রাত ১০টা পর্যন্ত যানজট স্থায়ী ছিল।
স্থানীয় লোকজনের অভিযোগ, যত্রতত্র রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে নগরীতে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে জনগণের ভোগান্তি বাড়ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা ঠিকমতো কাজ না করায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে।
তবে ৬ মার্চ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মেয়র সেলিনা হায়াৎ আইভী তিতাস গ্যাস কর্মকর্তাদের উদ্দেশে বলেন, অনুমোদন ছাড়া তিতাস কর্তৃপক্ষ যেন সিটি করপোরেশনের রাস্তা খোঁড়াখুঁড়ি না করে। যেসব রাস্তা খোঁড়াখুঁড়িতে নষ্ট হয়েছে, সেগুলো যাতে দ্রুত মেরামত করা হয়। সেই সময় খানপুর ডন চেম্বার এলাকার মোড়ে ওয়াসার খোঁড়াখুঁড়িতে নষ্ট থাকা রাস্তা দ্রুত মেরামত করারও আহ্বান জানান তিনি। সপ্তাহ না পেরোতেই আবারও ওয়াসা চাষাঢ়া মোড়ে নতুন করে খোঁড়াখুঁড়ি শুরু করে।
নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. শরফুদ্দীন বলেন, বিকল ট্রাকটি রেকার দিয়ে টেনে সরিয়ে নিলে নগরীতে যান চলাচল শুরু হয়। তবে যানজট ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে।
এ ব্যাপারে ঢাকা ওয়াসা নারায়ণগঞ্জ মডস অফিসে বক্তব্যের জন্য যোগাযোগ করা হলেও কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।