ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নারায়ণপুর এলাকায় গত রোববার দিবাগত রাত তিনটার দিকে গর্তে পড়ে সিমেন্টবোঝাই একটি ট্রাক বিকল হয়ে যায়। এর পর থেকে ওই সড়ক দিয়ে ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে গতকাল রোববার আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তািন পণ্যবাহী ট্রাক চলাচল কার্যত বন্ধ ছিল।
গতকাল সরেজমিনে দেখা গেছে, আখাউড়া স্থলবন্দর থেকে প্রায় চার কিলোমিটার দূরে সড়কের এক পাশে আটকা পড়েছে রপ্তানিপণ্য বোঝাই অর্ধশত ট্রাক। আটকা পড়া সিমেন্টবোঝাই একটি ট্রাকের চালক শহীদ মিয়া (৩৫) বলেন, রাত তিনটার দিকে স্থলবন্দরের খুব কাছাকাছি এসে তাঁর ট্রাকটি আটকা পড়েছে। সড়কের এ জায়গাটি প্রায় তিন মাস ধরে খারাপ। গত দুই দিনের বৃষ্টিতে পানি জমে সড়কের অবস্থা আরও খারাপ হয়েছে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রাজীব ভূইয়া বলেন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে কয়েক মাস আগে থেকেই সড়কটি মেরামত করার কথা বলা হচ্ছিল। কিন্তু সড়ক মেরামত করেনি। ঈদের আগে একাধিক এবং গত শনিবার সকালে ও রাতে দুটি ট্রাক সড়কে বিকল হয়। এ কারণে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।