
খোয়া উঠে যাওয়ায় সড়কের জায়গায় জায়গায় অসংখ্য ছোট-বড় গর্ত। কোথাও আবার পিচের ঢালাইয়ের অস্তিত্বই নেই। সামান্য বৃষ্টি হলেই গর্তে জমে পানি। এসব গর্তে প্রায়ই আটকে যায় যানবাহন। ভাঙা অংশের ওপর দিয়ে চলার সময় গতিও থাকে অনেক কম।
লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বোয়াডার থেকে দালাল বাজার পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কের বেশির ভাগ অংশেরই এখন এই অবস্থা। এ কারণে সড়কটিতে চলতে গিয়ে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন চালক ও যাত্রীরা।
রায়পুর পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক তানভীর হায়দার চৌধুরী বলেন, ভাঙাচোরা সড়কের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন যানবাহনের মালিকেরা। অনেক সময় সপ্তাহে তিন-চারবার করেও গাড়ি মেরামত করতে হয়। সড়কটির ভাঙা অংশগুলোর স্থায়ী মেরামতের জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কাছে বেশ কয়েকবার অনুরোধ করা হয়েছে। কিন্তু কাজ হয়নি।
সওজ বিভাগের লক্ষ্মীপুর কার্যালয় সূত্রে জানা যায়, মহাসড়কটির দৈর্ঘ্য ৫০ কিলোমিটার। এর মধ্যে ওই ১৬ কিলোমিটার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পড়েছে। এ মহাসড়ক দিয়ে প্রতিদিন খুলনা, ঢাকা, চট্টগ্রাম, যশোর, সিলেট, শরীয়তপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনীসহ বিভিন্ন অঞ্চলের কয়েক শ যানবাহন চলাচল করে। এ অঞ্চলের মধ্যে এটি সবচেয়ে ব্যস্ত সড়ক হিসেবে পরিচিত।
ফরিদগঞ্জ উপজেলা থেকে প্রতিদিন জেলা শহরে আসতে সড়কটি ব্যবহার করতে হয় সরকারি চাকরিজীবী মহিব উল্যাকে। তিনি বলেন, লক্ষ্মীপুর জেলার সঙ্গে তাঁদের যোগাযোগের একমাত্র সড়ক এটি। তাই বাধ্য হয়ে রাস্তায় দুর্ভোগ সহ্য করেই প্রতিদিন চলাচল করতে হচ্ছে।
৩ আগস্টসরেজমিনে দেখা যায়, রায়পুর পৌরসভা কার্যালয় থেকে বাজার পর্যন্ত সড়কের প্রায় আধা কিলোমিটার অংশে কার্পেটিং উঠে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। মুন্সীবাড়ির সামনে সড়কের একটি গর্তে ট্রাক পড়ে আটকে আছে। এতে দিনভর যানজটে আটকে থাকে যানবাহন। সিংহের পোলের কাছে সড়কের অনেক স্থানে ইট ও খোয়া উঠে মাটি বের হয়ে আছে। একটু বৃষ্টিতে কাদাপানিতে একাকার হয়ে যায় রায়পুর বাজার এলাকা। এখান দিয়ে চলাচল করা রীতিমতো বিপজ্জনক। সড়কের কিছু অংশে একসময় যে পিচঢালাই ছিল, দেখেবোঝা দুষ্কর। গর্ত এড়াতে ধীর গতিতে এঁকেবেঁকে চলছে যানবাহন।
গর্তে আটকে পড়া একটি ট্রাকের চালক হাবিব উল্যা বলেন, ‘এবার বর্ষায় সড়কটি বেশি ভেঙেছে। খানাখন্দে ভরা সড়কে গাড়ি চালাতে গিয়ে প্রায়ই যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। মাসে সাত-আটবার খুলনা থেকে এ সড়ক হয়ে চট্টগ্রামে যাই। এ জন্য ভোগান্তি বেশি হচ্ছে।’
রায়পুর বাজারের চার-পাঁচজন ব্যবসায়ী বলেন, সামান্য বৃষ্টি হলেই সড়কটি দিয়ে ভারী যানবাহন চলাচল করা দূরে থাক ভ্যান, রিকশা, সাইকেল এমনকি হেঁটে যাতায়াতেও খুব সমস্যা হচ্ছে। প্রায়ই লোকজন পিছলে পড়ে যান। যানবাহনের চলাচলের কারণে দোকানের মধ্যে কাদাপানি ছিটকে আসে। বেচাবিক্রি একেবারে কমে যাচ্ছে। অথচ এ সড়ক দিয়ে প্রতিদিন উপজেলা ও জেলা শহরে বিপুলসংখ্যক মানুষকে চলাচল করতে হয়।
জানতে চাইলে, লক্ষ্মীপুর সওজ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আবদুর রহিম বলেন, বর্ষা মৌসুমের আগে সড়কটির বিভিন্ন স্থানে মেরামত করা হয়। এরপরও ভাঙা অংশগুলোয় নিয়মিত বালু, ইটের খোয়া ফেলে অস্থায়ী মেরামতের কাজ চলছে।