ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় গত সোমবার রাত ১১টা থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়। চন্দ্রা থেকে মির্জাপুর বাইপাস পর্যন্ত কয়েক শ যানবাহন আটকা পড়ে। চরম দুর্ভোগে পড়েন বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকেরা। এ ছাড়া খানাখন্দের কারণে গতকাল মঙ্গলবার ওই মহাসড়কের কোনাবাড়ী এলাকায় সারা দিনই যানজট ছিল।গোড়াই হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর বাইপাস সড়কের রেল ওভারব্রিজের পশ্চিম পাশে সড়কের ওপর সৃষ্টি হওয়া গর্তে পড়ে একটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ে। পরে যানবাহনগুলো কালিয়াকৈর বাজারের পুরাতন সড়ক দিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই সড়কেও যানজটের সৃষ্টি হয়। ধীরে ধীরে সড়কে যানবাহনের চাপ বাড়তে থাকলে ওই স্থানের উভয় পাশের প্রায় ১২ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। পরে গোড়াই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকল ট্রাকটি সরিয়ে নেওয়ার পর রাত সাড়ে চারটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। যানজটের কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, গত রাতে সড়কে প্রচুর গাড়ির চাপ ছিল। তার ওপর সড়কের গর্তে পড়ে ট্রাক বিকল হওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।অপরদিকে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় গতকাল সারা দিনই যানজট লেগে ছিল। বিকেল সাড়ে পাঁচটার দিকে যানবাহনের চাপ কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।কোনাবাড়ী হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক মেরামত করা না হলে যানজট নিরসন করা কোনো অবস্থাতেই সম্ভব নয়।