>

দেশের প্রধান মহাসড়কগুলো বেহাল। কোথাও সুরকি উঠে গেছে, কোথাও খানাখন্দ। যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। কোথাও চলছে ধীরগতিতে। সামনে ঈদ। যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়বে। এতে দুর্ভোগও বাড়বে
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত অংশের দৈর্ঘ্য ১২ কিলোমিটার। এই অংশে অসংখ্য খানাখন্দ, সড়কের দুই পাশে পানি জমে সৃষ্টি হয়েছে ডোবা। মাত্র এই ১২ কিলোমিটার বেহাল অংশই মহাসড়কটিতে চলাচলকারীদের যত ভোগান্তির কারণ।
পরিবহনশ্রমিক ও স্থানীয় বাসিন্দারা বলেন, গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তার জাগ্রত চৌরঙ্গি থেকে টঙ্গীর তুরাগ সেতু—এই ১২ কিলোমিটার পথ যেতে আধা ঘণ্টা থেকে সর্বোচ্চ এক ঘণ্টা লাগার কথা। কিন্তু লাগে ২-৩ ঘণ্টা; কখনো আরও বেশি। গত কিছুদিনের টানা বর্ষণে সড়কের কার্পেটিং উঠে বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। সড়কটি চার লেনের মতো প্রশস্ত থাকলেও দুপাশে পানি জমে থাকায় যানবাহন চলাচল করে দুই লেনে। ফলে স্বাভাবিক গতিতে যানবাহন চলতে পারছে না।
এলাকাবাসী বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মহাসড়কটি পরিদর্শনে আসার খবর পেলেই মেরামতের কাজ শুরু হয়। মন্ত্রী চলে গেলেই বন্ধ হয়ে যায় লোক দেখানো সংস্কারকাজ।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর উত্তরার আবদুল্লাহপুরের পর তুরাগ নদ পার হলেই টঙ্গী অর্থাৎ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শুরু। একটু এগোলে পদচারী-সেতুর দুই পাশে সিটি করপোরেশনের আবর্জনার স্তূপ। টেলিফোন শিল্প সংস্থার কার্যালয় ফেলে আরেকটু এগোলে স্টেশন রোডে খানাখন্দের কারণে ভয়াবহ যানজট। এখানে মহাসড়কের দুই পাশের অনেকটা স্থান রয়েছে অবৈধ দখলে।
মহাসড়কের এই অংশে দুই পাশে অসংখ্য তৈরি পোশাক কারখানা। অনেক কারখানার তরল বর্জ্য রাস্তা পর্যন্ত এসে পড়ছে। স্টেশন রোড থেকে বাস্তুহারা পর্যন্ত সড়কের অবস্থা কিছুটা ভালো। তবে গাজীপুরা থেকে আবার শুরু খানাখন্দের। এরপর বোর্ডবাজার, ছয়দানা ও মালেকের বাড়ি এলাকায় সড়কের এক পাশের ওপরই কাঁচাবাজার। বাজারটির কারণে যানজট ও মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। মালেকের বাড়ি থেকে ভোগড়া ও চান্দনা চৌরাস্তা পর্যন্ত খানাখন্দে জমে আছে পানি। গতকাল বুধবার দুপুরে বোর্ডবাজারে খানাখন্দে ময়লা-আবর্জনা পরিষ্কার না করেই জোড়াতালির সংস্কারকাজ করতে দেখা গেছে।
গাজীপুর সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী ডি এ কে এম নাহিন রেজা বলেন, চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত চার কিলোমিটার এলাকায় ছোট-বড় খানাখন্দ রয়েছে বলে তাঁর জানা। ইট দিয়ে কয়েকবার মেরামতও করা হয়েছে। বৃষ্টির জন্য কার্পেটিং করা হয়নি। বৃষ্টি থামলে কার্পেটিং করা হবে।
ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে জোড়াতালির সংস্কার
ময়মনসিংহ থেকে কামরান পারভেজ বলেন, চলতি বর্ষার শুরু থেকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কটির বিভিন্ন অংশের কার্পেটিং উঠে এবং গর্ত সৃষ্টির কারণে বেহাল হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়ছে যানবাহনের যাত্রীরা। তবে ঈদ সামনে রেখে গর্তগুলোতে পিচ ঢেলে ও ইট বিছিয়ে জোড়াতালির সংস্কারকাজ শুরু হয়েছে। ৩৭ কিলোমিটার এ সড়কের ময়মনসিংহে পড়েছে প্রায় ২১ কিলোমিটার। বাকিটা নেত্রকোনায়।
অটোরিকশার চালক কামাল মিয়া বলেন, বর্ষাকালে শ্যামগঞ্জ বাজার অংশে কয়েক বছর ধরেই বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে যানবাহন ধীরগতিতে চলায় বেশির ভাগ সময়ই বাজারে যানজট লেগে থাকে। মাঝে মাঝে মেরামত করা হলেও বৃষ্টি হলে আবার খানাখন্দে ভরে যায়।
সওজের ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান বলেন, ‘সড়কটি নতুন করে নির্মাণের অনুমোদন হয়েছে। ঈদ সামনে রেখে আপাতত আমাদের বিভাগীয় সংস্কারকাজ করা হচ্ছে।’