গর্তে ভরা ঢাকা-নবাবগঞ্জ সড়কে ভোগান্তির চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নবাবগঞ্জ ৩৫ কিলোমিটার সড়কের মধ্যে প্রায় সাত কিলোমিটারে কয়েকটি জায়গায় করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। ছোট-বড় গর্ত ও খানাখন্দের কারণে হেলেদুলে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে।
গতকাল বুধবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ঢাকা-নবাবগঞ্জ সড়কের কেরানীগঞ্জের জিনজিরা ডাকপাড়া সাজেদা হাসপাতালের সামনে, গদাবাগ ডায়মন্ড মেলামাইনের কাছে, কোনাখোলা, শাক্তা, রামেরকান্দা, রোহিতপুর বাজার এলাকায় করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। জিনজিরা জনি টাওয়ার এলাকা থেকে রোহিতপুর বাজার পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়কে রয়েছে অনেক ছোট-বড় গর্ত। বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গেছে। এতে কয়েক দিন পরপরই ঘটছে দুর্ঘটনা।
ওই সড়কে চলাচলকারী নিউ কেরানীগঞ্জ সার্ভিসের সুপারভাইজার আবদুল জলিল জানান, কেরানীগঞ্জে রোহিতপুর বাজার, কোনাখোলা ও মন্যু বেপারীর ঢাল এলাকার সড়কটির কার্পেটিং উঠে গিয়ে কয়েকটি স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এতে গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। এসব এলাকা দিয়ে চলাচলে গাড়ি ও যাত্রী উভয়েরই বিপদ থাকে। অধিক চলাচলের এ সড়ক অতিসত্বর সংস্কার করা প্রয়োজন।
রামেরকান্দা এলাকার ভ্যানচালক আবদুল মালেক জানান, রোহিতপুর সড়কের কয়েকটি স্থানে গর্ত হওয়ায় গাড়ি চালাতে সমস্যা হয়। অনেক সময় মালামালসহ গাড়ি উল্টে গিয়ে চাকা ভেঙে যায়। সরকারের এগুলো দেখা উচিত। কদমতলী এলাকার অটোরিকশাচালক হাসান আলী জানান, কয়েক মাস ধরে জিনজিরা-বেলগাছতলা সড়ক থেকে মন্যু ব্যাপারীর ঢাল ও কালিন্দি সড়কের কার্পেটিং ও ইট উঠে গেছে। এ ছাড়া সামনে বৃষ্টির মৌসুম। এতে সামান্য বৃষ্টিতেই সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হবে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী গোলাম মহিউদ্দিন বলেন, ‘ঢাকা-নবাবগঞ্জ সড়কের দৈন্যদশার বিষয়টি খোঁজখবর নিয়েছি। কিন্তু বরাদ্দ না থাকায় এ মুহূর্তে সড়কটি সংস্কার করা সম্ভব হচ্ছে না। বরাদ্দ এলেই সংস্কার করা হবে।’