
পুরান ঢাকার লালবাগের ট্যাংকির ঘাট থেকে হাজারীবাগ পর্যন্ত সদরঘাট-গাবতলী বেড়িবাঁধ সড়কের ইট-পাথর উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে বৃষ্টি হলেই সড়ক কাদাপানিতে সয়লাব হয়ে যায়। শুষ্ক আবহাওয়ায় বাতাসে ওড়ে ধুলাবালি। এ ছাড়া গর্ত থাকায় এই সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। পথচারীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের প্রায় অনুপযোগী হয়ে রয়েছে। এ ছাড়া পুরো বেড়িবাঁধ সড়ক ময়লা-আবর্জনায় স্তূপ হয়েছে। কিন্তু সড়কটি সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। বেড়িবাঁধের ওই অংশটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২২, ২৩, ২৪, ২৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডের সীমানার মধ্যে পড়েছে। তবে সড়কটি সংস্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের।
গতকাল রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, ট্যাংকির ঘাট থেকে হাজারিবাগ পর্যন্ত (প্রায় চার কিলোমিটার) বেড়িবাঁধ সড়কের বিভিন্ন স্থানের ইট-পাথর উঠে দুই শতাধিক বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে লালবাগের শ্মশানঘাট, কামরাঙ্গীরচরের রসুলপুর সেতু ও কামরাঙ্গীরচর ১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সামনে বেড়িবাঁধ সড়কের অর্ধশতাধিক স্থানে কাদাপানি জমে আছে। হেলেদুলে চলছে যাত্রীবাহী বাস ও লেগুনা। আর দ্রুতগতিতে কোনো যানবাহন চললেই কাদাপানি ছিটকে পথচারীদের গায়ে পড়ছে। শুষ্ক স্থানে বাতাসে উড়ছে ধুলাবালি। নাক-মুখ চেপে চলাচল করছেন যাত্রী ও পথচারীরা। এ ছাড়া পুরো বেড়িবাঁধ সড়ক ময়লা-আবর্জনায় স্তূপ হয়ে রয়েছে। দুপাশে সড়ক ঘেঁষে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট।
লালবাগের শ্মশানঘাটের বাসিন্দা আবদুল আলী বলেন, বেড়িবাঁধ সড়কের এই অংশটি ডিএসসিসির ছয়টি ওয়ার্ডের সীমানা ঘেঁষা হলেও কেউ এর দায়িত্ব নিতে চাচ্ছেন না। এর ফলে দীর্ঘদিন ধরে সড়কটি এই অবস্থায় পড়ে আছে। অথচ সদরঘাট থেকে গাবতলী যাতায়াতে সড়কটি অনেক গুরুত্বপূর্ণ। বর্তমানে অনেক যাত্রীবাহী বাস ও লেগুনা এই পথে চালাচল করে। নাগরিকদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য অবিলম্বে সড়কটি সংস্কার ও পরিষ্কার করতে হবে।
ট্যাংকির ঘাট এলাকায় ধুলাবালি থেকে বাঁচতে নাক-মুখ চেপে হেঁটে বাসায় ফিরছিলেন ইসলামবাগের বাসিন্দা বাবুল মিয়া। তিনি বলেন, সড়ক শুকনো থাকলে ধুলাবালির জন্য হাঁটা যায় না। আশপাশের বাসা-বাড়ি ও কলকারখানার দরজা-জানালা বন্ধ রাখতে হয়। আর বৃষ্টি হলে সড়কে চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ কাদা জমে। এতে হেঁটে চলাচল করা দায়।
ডিএসসিসির ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারিকুল ইসলাম বলেন, এই সড়কটি তিন বছর আগে সংস্কার করেছিল পানি উন্নয়ন বোর্ড। এরপর আর তাদের দেখা নেই। অথচ সড়কটি ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। এতে নাগরিকদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।