গর্তে ভরা সড়কে ঝুঁকিপূর্ণ চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের সুন্দলীবাজার-প্রেমবাগগেট ভায়া ঢাকুরিয়া সড়কের প্রায় সাড়ে ছয় কিলোমিটার যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আট বছর সংস্কার না করায় কার্পেটিং উঠে গিয়ে এই অংশের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে এই অংশ দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছে। গর্তের মধ্যে গাড়ি পড়ে যাওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা ব্যয়ে অভয়নগর উপজেলার সুন্দলীবাজার থেকে প্রেমবাগগেট হয়ে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া বাজার পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণের এক-দেড় বছর পর কার্পেটিং উঠে গিয়ে সড়কটির বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়। এরপর দীর্ঘ ছয় বছর এটি সংস্কার করা হয়নি। ২০১১ সাল থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত তিন দফায় সড়কটির প্রেমবাগগেট থেকে ভোমরদহ ঈদগাহ পর্যন্ত প্রায় সাড়ে ১২ কিলোমিটার সংস্কার করা হয়। কিন্তু সড়কটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সুন্দলীবাজার থেকে সুবলাকাটি পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটারে এখনো কোনো সংস্কারকাজ হয়নি।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সড়কটির কোথাও কোনো পিচের চিহ্ন নেই। যত্রতত্র পড়ে আছে খোয়া। অসংখ্য স্থানে সৃষ্টি হয়েছে গর্ত। এসব গর্তে বৃষ্টির পানি জমে থাকছে। এর মধ্যে দিয়ে যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে বাস, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে চলাচল করছে। এই সাড়ে ছয় কিলোমিটারের মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা হরিদাসকাটি ও আঠারোপাকিয়া এলাকার। এই দুই স্থানে খোয়া উঠে গিয়ে নিচের অংশের মাটি বের হয়ে আছে।
ভ্যানচালক মনিরামপুর উপজেলার হরিদাসকাটি গ্রামের দিল্লিশ্বর ধর বলেন, ‘রাস্তার অবস্থা খুবই খারাপ। ভ্যানের টায়ার এক বছরও টেকে না। শরীরও ঠিক থাকছে না। এই রাস্তার কোনো মা-বাপ আছে বলে আমার মনে হয় না।’ দিগঙ্গা গ্রামের গৃহবধূ মমতাজ বেগম জানান, রাস্তা দিয়ে ভ্যান বা নছিমনে করে যাওয়ার সময় ঝাঁকুনিকে সারা শরীর ব্যথা হয়ে যায়।
মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিরঞ্জন প্রসাদ বিশ্বাস জানান, প্রতিদিন কয়েক হাজার লোক সড়কের এই অংশ দিয়ে চলাচল করে। কিন্তু সংস্কার না হওয়ায় তারা ভোগান্তি পোহায়। তিনি বিষয়টি স্থানীয় সাংসদকে জানিয়েছেন।
সওজের যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার বলেন, সড়কটির বেশির ভাগ অংশ ইতিমধ্যে সংস্কার করা হয়েছে। অবশিষ্ট অংশের দরপত্র আহ্বান করা হয়েছে। অর্থ বরাদ্দ সাপেক্ষে কাজ করা হবে।