গর্তে রেখে তরুণের ওপর নির্যাতন
বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে তোলার মিথ্যা অভিযোগে মাটির গর্তে রেখে এক তরুণের ওপর নির্যাতন চালানো হয়েছে। ওই তরুণের পরিবারকে তিন দিন একঘরে করে রাখা হয়েছে। গ্রাম্য মাতুব্বরেরা সালিস ডেকে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চুনিয়াপটল গ্রামে গত শুক্রবার ঈদুল ফিতরের রাতে এ ঘটনা ঘটে।ঢাকার এক কলেজশিক্ষক ওই গ্রামে গিয়ে পুলিশের সহায়তায় নির্যাতনের শিকার হওয়া ওই তরুণকে গত সোমবার উদ্ধার করলে এ ঘটনা প্রকাশ পায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সালিসে নেতৃত্বদানকারী গ্রাম্য মাতুব্বর বেলায়েত হোসেনকে ওই দিনই গ্রেপ্তার করেছে।নির্যাতনের শিকার হওয়া ওই তরুণের নাম রাসেল মিয়া (২২)। তিনি উপজেলার চুনিয়াপটল গ্রামের বেলাল শেখের ছেলে। পুলিশের হস্তক্ষেপে গত সোমবার রাসেল ও তাঁর পরিবারের ওপর থেকে একঘরে করার সিদ্ধান্ত তুলে নেওয়া হয়। এ ঘটনায় রাসেল মিয়া পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার এজাহারে ও এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, রাসেল কয়েক বছর ধরে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করছেন। একপর্যায়ে ওই কারখানার এক নারী সহকর্মীর (১৯) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৫ জুলাই জামালপুরে নোটারি পাবলিকের মাধ্যমে তাঁরা বিয়ে করেন। বৃহস্পতিবার রাতে রাসেল তাঁর স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে আসেন।ঈদের দিন রাতে চুনিয়াপটল গ্রামের মাতুব্বর বেলায়েত হোসেন, আবদুর রাজ্জাক, মুসলেম উদ্দিন, জাবেদ আলী, জামাল উদ্দিন, রহিম উদ্দিন ও কিসমত আলী বেলাল শেখের বাড়িতে হাজির হন। পরে তাঁরা রাসেল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলেন যে বিবাহ না করেই একসঙ্গে থাকছেন।এ নিয়ে ওই রাতেই বেলাল শেখের বাড়িতে সালিস বৈঠক বসে। বৈঠকে নেতৃত্ব দেন বেলায়েত হোসেন। একপর্যায়ে মাতুব্বরেরা বাড়ির আঙিনায় কোমরসমান গর্ত করে সেই গর্তে রেখে রাসেলকে লক্ষ্য করে পাথর ও ঢিল ছুড়ে মারেন। পরে গর্ত থেকে উঠিয়ে মাটিতে ফেলা থুতু তাঁকে দিয়ে চেটে তুলতে বাধ্য করেন তাঁরা। শেষে মাতুব্বরেরা রাসেলের পরিবারকে একঘরে করে রাখার সিদ্ধান্ত দেন।গত সোমবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দা ঢাকার তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ আবদুল হান্নান পুলিশের সহযোগিতায় চুনিয়াপটল গ্রাম থেকে রাসেল ও তাঁর পরিবারের সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন।রাসেল মিয়া বলেন, ‘আমি শরিয়ত অনুযায়ী বিবাহ করেছি। এর পরেও গ্রামের মাতুব্বরেরা আমার ওপর নির্যাতন করেছে এবং আমাদের পরিবারকে একঘরে করে রাখে।’ তাঁর স্ত্রী জানান, ‘আমরা ভালোবেসে বিবাহ করেছি। মাতুব্বরেরা আমার স্বামীকে নির্যাতন করেছে।’থানায় আটক থাকা অবস্থায় বেলায়েত হোসেন জানান, রাসেলকে শরিয়তের সিদ্ধান্ত অনুয়ায়ী মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে বিচার করা হয়েছে। আবদুর রাজ্জাক বলেন, ‘হুজুরের সিদ্ধান্ত অনুযায়ী আমরা রাসেল ও তাঁর পরিবারের বিচার করেছি।’হুজুর হাফিজুর রহমান বলেন, ‘গ্রাম্য মাতুব্বরেরা তাঁর ওপর জোর খাটিয়ে সিদ্ধান্ত দিতে বাধ্য করেছেন।’