গর্তের কারণে যানজট
গত কয়েক দিনের প্রবল বর্ষণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় রাস্তার কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। গাড়ির গতিবেগ কমে গিয়ে মহাসড়কের সকাল ১০টা থেকে দাউদকান্দি উপজেলার বিশ্বরোড এলাকা থেকে হরিপুর পর্যন্ত ১১ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত হচ্ছে। এর রক্ষণাবেক্ষণ ও মেরামতের বিষয়টি চার লেন কর্তৃপক্ষকে সড়কটি বুঝিয়ে দেওয়া হয়েছে।দাউদকান্দি থেকে কুমিল্লা পর্যন্ত ৪৫ কিলোমিটারের ১ নম্বর প্রকল্পের ব্যবস্থাপক এ কে সামছুদ্দিন আহমেদ বলেন, দাউদকান্দির গৌরীপুর, মাধাইয়া, চান্দিনা ও কুমিল্লা সেনানিবাস এলাকায় মহাসড়কে গর্তের সৃষ্টি হয়েছে। তাঁরা রুটিন অনুযায়ী প্রতিদিন বিকেলে ইট-সুরকি ফেলে তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করলেও গৌরীপুর চৌরাস্তার মোড়ে, বাস-মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কের পাশে ও মহাসড়কের ওপর অবৈধ পার্কিংয়ের কারণে যানবাহনের চাপ না কমায় তাঁরা কাজ করতে পারছেন না।