গর্ব অনেক, আত্মতুষ্টিতে ভুগলে চলবে না: আনিসুজ্জামান
ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, ‘আমাদের গর্ব করার মতো অনেক কিছুই আছে। তবে আমাদের আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। ১৯৭১ সালে বিজয় লাভের পরে আমরা অনেক আত্মতুষ্টিতে ভুগেছিলাম। তখন এ দেশের মুক্তিযুদ্ধবিরোধীরা তাদের কাজ করেছিল। তাই এখন আমাদের আরও বেশি সচেতন হতে হবে। না হলে যে মৌলিক ভিত্তির ওপর বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো অর্জিত হবে না।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির আয়োজনে ‘দিনবদলের সাত বছর’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক আনিসুজ্জামান এ কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ঠিকমতো গড়ে ওঠেনি। এখন মনোযোগ দেওয়ার সময় এসেছে। সংবিধানে যেসব প্রতিশ্রুতির কথা বলা হয়েছে, এর মধ্যে স্থানীয় স্বায়ত্তশাসন একটি। এটি আরও শক্তিশালী করতে হবে। পরিবেশসহ বিভিন্ন খাতে উন্নয়ন হয়েছে। কিন্তু আরও কিছু কঠিন কাজ সামনে রয়েছে। শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি আছে ঠিকই, তবে সংবিধানে যে একই ধরনের শিক্ষাব্যবস্থার কথা বলা আছে, সেদিকে খুব বেশি অগ্রসর হওয়া যায়নি। সবার জন্য এক রকম শিক্ষাব্যবস্থা ছাড়া ঐক্যবদ্ধ জাতি গড়ে তোলা সহজ হবে না। দেশ থেকে দুর্নীতি দূর করার কাজ অসম্পূর্ণ রয়ে গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে প্রবীণ এই শিক্ষাবিদ বলেন, বর্তমান সরকার অঙ্গীকার অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের বিচার করতে পেরেছে এবং অপরাধীদের শাস্তি কার্যকর করেছে, যা অনেকেই ভাবতে পারেননি।
এইচ টি ইমাম বলেন, ‘আমার জানামতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কোনো প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেননি। তিনি হয়তো অন্য উদ্দেশ্য নিয়ে যুদ্ধে গিয়েছিলেন। তাঁকে অনুপ্রবেশকারী বলা যেতে পারে। তখন জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল এবং সেক্টর কমান্ডারদের ধরে রাখার দরকার ছিল, তাই তাঁকে ধরে রাখা হয়েছিল।’
মূল প্রবন্ধে এ কে আজাদ চৌধুরী বলেন, গত সাত বছরে জিডিপির আকার ও প্রবৃদ্ধির হার যেভাবে বেড়েছে, দক্ষিণ এশিয়ার আর কোনো দেশ তা দেখাতে পারেনি। বেকারত্ব হ্রাস, আয় বৃদ্ধি, স্বাস্থ্য-শিক্ষা খাতের অগ্রগতি আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করেছে।
বিনায়ক সেন বলেন, গত দুই যুগে মধ্যবিত্তের সংখ্যা বিপুল বেড়েছে। তবে তা জ্ঞানভিত্তিক নয়। অর্থনীতিকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে হলে জ্ঞানভিত্তিক মধ্যবিত্ত বাড়াতে হবে। আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘রাজনীতিকদের সঙ্গে সুশীল সমাজের দূরত্ব তৈরি হয়েছে। এটা মিটিয়ে ফেলা যায়। শুধু দলকেন্দ্রিক বুদ্ধিজীবী নন, নীরব অন্যদেরও ডাকতে হবে।’ তিনি আরও বলেন, গণতন্ত্র অনেক জটিল বিষয়। তবে দলে গণতান্ত্রিক চর্চা বৃদ্ধি করতে হবে। আওয়ামী লীগসহ কোনো দলেই অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা সুগভীর নয়।
বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বলেন, ২০১৫ সালের ৫ জানুয়ারিকে ঘিরে বিএনপি-জামায়াত যে তাণ্ডব চালিয়েছিল, তার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ১ ও ৩ ধারা মোতাবেক মামলা করা যেতে পারে। এর পেছনে খালেদা জিয়ার দায়ও কম নয়। কারণ, তিনি সব কর্মকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন।
বিচার বিভাগ স্বাধীন উল্লেখ করে আপিল বিভাগের সাবেক এই বিচারপতি বলেন, ‘বিএনপি-জামায়াত দাবি করছে বিচার বিভাগ নাকি স্বাধীন নয়। এটি একটি মিথ্যাচার। আজকে বিচার বিভাগ যেভাবে স্বাধীনতা ভোগ করছে, বাংলাদেশের ইতিহাসে আর কোনো দিন ছিল বলে আমি জানি না। বিচার বিভাগের স্বাধীনতা অসীম। আমি নিজেই বিচারক ছিলাম, কখনো স্বাধীনতাহীনতায় ভুগিনি।’ তিনি আরও বলেন, ‘দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাই তাঁর আরও দুই দফা ক্ষমতায়ÿথাকা বাঞ্ছনীয়।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন অর্থনীতিবিদ শামসুল ইসলাম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, আইনজীবী তানিয়া আমীর এবং আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। সেমিনারের সঞ্চালকের ভূমিকায় ছিলেন আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল।