গর্ভপাত ঘটানোর পর তরুণীর মৃত্যু, গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এক পল্লিচিকিৎসক শিরিন আকতার নামের এক তরুণীর গর্ভপাত ঘটান। এতে অতিরিক্ত রক্তক্ষরণে পরদিন শিরিনের মৃত্যু হয়। এ ঘটনায় গত শুক্রবার দুপচাঁচিয়া থানায় মামলা হয়েছে। তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন পল্লিচিকিৎসক এমরান হোসেন মিয়া (৫০), তাঁর ছেলে সৈয়দ সুজন (২০) ও সহযোগী আবদুল খালেক (৩৩)।
এজাহারের বিবরণ অনুযায়ী, উপজেলার খানপুর গ্রামের শিরিনের (২৩) সঙ্গে একই গ্রামের সৈয়দ সুজনের ঘনিষ্ঠতা ছিল। একপর্যায়ে সুজন শিরিনকে ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য সুজনের বাবা পল্লিচিকিৎসক এমরান ২২ অক্টোবর রাতে শিরিনের গর্ভপাত ঘটান। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে পরদিন সকালে তাঁর মৃত্যু হয়।
দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, আদালতের মাধ্যমে তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।