গর্ভপাত ঘটানোয় চিকিত্সকসহ দুজনের দণ্ড
গর্ভপাত ঘটানোর দায়ে দিনাজপুর জেনারেল হাসপাতালের স্ত্রী ও প্রসূতি রোগ বিভাগের সিনিয়র কনসালট্যান্ট মো. হযরত আলী ও মোস্তাফিজুর রহমান নামে দুজনকে আট বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল করিম গত মঙ্গলবার ওই আদেশ দেন।
আদালত-সংশ্লিষ্টরা জানান, ১৯৯৯ সালের ২৬ এপ্রিল হযরত আলী বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অবস্থায় একই উপজেলার এক মেয়ের গর্ভপাত ঘটান। বোচাগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের হাকিম উদ্দীনের ছেলে মোস্তাফিজুর রহমান ওরফে মিন্টু বিয়ের প্রলোভন দেখিয়ে ওই মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মোস্তাফিজুর মেয়েটির গর্ভপাত করাতে হযরত আলীর কাছে যান।
ওই ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে হযরত আলী ও মোস্তাফিজুরের বিরুদ্ধে দিনাজপুর ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেন। পুলিশ ঘটনা তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
২০০৪ সালে মামলাটি বিচারের জন্য অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়। দীর্ঘদিন ধরে শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মঙ্গলবার এই রায় দেন।
জেলা আইনজীবী সমিতির সদস্য মাজহারুল ইসলাম সরকার জানান, দণ্ডবিধির ৩১৩ ধারা অনুযায়ী কোনো ব্যক্তি নারীর সম্মতি ছাড়াই তাঁর গর্ভের ভ্রূণ বা সন্তান নষ্ট করলে তিনি (ব্যক্তি) অপরাধে দণ্ডিত হবেন। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। তবে প্রসূতির জীবন রক্ষায় গর্ভপাত ঘটানো যেতে পারে।
সিভিল সার্জন নুরুল হুদা বলেন, চিকিত্সকের সাজার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরে জানানো হয়েছে। সেখান থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হলে তাঁর ব্যাপারে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে।