গর্ভপাতের পর দোররা শেষে বাল্যবিবাহ
গাইবান্ধার সাদুল্যাপুরে এক কিশোর-কিশোরী স্থানীয় মসজিদের ইমামের ফতোয়ার শিকার হয়েছে। ইমাম সুলতান মিয়ার নির্দেশে অন্তঃসত্ত্বা ওই কিশোরীর গর্ভপাত ঘটানো হয়। পরে ওই কিশোর-কিশোরীকে ১০১টি করে দোররা মেরে তাদের বিয়ে দেওয়া হয়। ২২ আগস্ট উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি গত সোমবার স্থানীয় সাংবাদিকদের নজরে আসে।গ্রামবাসী জানান, একই গ্রামের ওই কিশোরের (১৬) সঙ্গে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীর (১৪) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে দুই পরিবার তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ‘কিশোরীর গর্ভপাত ঘটানো ছাড়া বিয়ে পড়ানো সম্ভব নয়’—ইমাম সুলতান মিয়ার এই নির্দেশের পর কিশোরীর গর্ভপাত ঘটানো হয়। ২২ আগস্ট গভীর রাতে বিয়ের আসরেই কিশোর-কিশোরীকে ১০১টি করে দোররা মারা হয়। পরে ইমাম সুলতান বিয়ের কাজ সম্পন্ন করেন।গ্রামের সমাজকর্মী আলম মিয়া বলেন, ‘আমার বাড়ির পাশেই ওই কিশোর-কিশোরীর বাড়ি। ইমাম সাহেব ফতোয়া দিয়ে গর্ভপাত ঘটানোর পরামর্শ দেন এবং দোররা মেরে বিয়ের কাজ সম্পন্ন করেন।’ একই গ্রামের কৃষক নয়া মিয়া বলেন, ‘দোররা মেরে বিয়ে পড়ানোর ঘটনা সত্য।’ স্থানীয় ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও গোবিন্দপুর গ্রামের বাসিন্দা হাজু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমার পাড়ার ঘটনা হলেও বিয়ে পড়ানোর বিষয়টি আমাকে জানানো হয়নি।’এ প্রসঙ্গে স্কুলছাত্রীর বাবার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর মেয়ের সঙ্গে ওই কিশোরের বিয়ের কথা স্বীকার করলেও গর্ভপাত ঘটানো ও দোররা মারার বিষয়ে কথা বলতে তিনি অস্বীকৃতি জানান। মসজিদের ইমাম সুলতানের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার জামালপুর গ্রামে। কিশোরীর গর্ভপাত ঘটানো ও পরে কিশোর-কিশোরীকে দোররা মারার সত্যতা নিশ্চিত করে সুলতান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘শরিয়ত অনুযায়ী তাদের বিয়ের কাজ সম্পন্ন করা হয়।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মওলা জানান, ঘটনাটি তিনি জেনেছেন। ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে গতকাল মঙ্গলবার ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।