গর্ভবতী মায়েদের সেবায় প্রকাশিত হলো 'বাবু বার্তা'
নারীর গর্ভধারণ নিরাপদ করতে ‘আমার মাঝেই বাড়ছে শিশু, পাতায় পাতায় জানছি কিছু’ স্লোগানে চালু হলো বেবি বেসিক্স বাংলাদেশ কর্মসূচি। এর আওতায় গর্ভবতী মায়েদের সেবায় বাবু বার্তা নামে একটি বইও প্রকাশিত হয়েছে। নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিশ্বসাহিত্য কেন্দ্রে বইটি প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বাবু বার্তা প্রকাশের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমাদের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে। এ জন্য পরিকল্পিতভাবে পরিবার গড়তে হবে। সে ক্ষেত্রে এই বই প্রকাশের উদ্যোগটি অসাধারণ।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেন, মাতৃমৃত্যুর হার ও মোট প্রজনন হার কমার দিক থেকে বাংলাদেশ অনেক এগিয়েছে। বেবি বেসিক্স বাংলাদেশ কর্মসূচি এই হার আরও কমিয়ে আনবে এবং অনেক মা ও শিশুর জীবন বাঁচাবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারীপক্ষের সদস্য শিরিন হক, বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের প্রধান এন ম্যাককনেল, বেসরকারি সংস্থা ডিনেটের প্রধান নির্বাহী কর্মকর্তা অনন্য রায়হান ও বেবি বেসিক্স বাংলাদেশ কর্মসূচির পরিচালক ইফফাত নেওয়াজ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উইমেনস হেলথ ইনোভেশন প্রোগ্রাম (ডব্লিউএইচআইপি) বেবি বেসিক্স বাংলাদেশ কর্মসূচিকে আর্থিক সহায়তা দিচ্ছে। এই পুরো প্রকল্পে সার্বিকভাবে সহযোগিতা করছে হোয়াট টু এক্সপেক্ট ফাউন্ডেশন।
বাবু বার্তা বইয়ের মুদ্রিত ও অডিও সংস্করণ প্রকাশ করেছে ডিনেট। নিরক্ষর ও সুবিধাবঞ্চিত মায়েদের সুবিধার্থে মাতৃকালীন ১০ মাসের নানা সমস্যা চিহ্নিত করে, ভিন্ন ভিন্ন অধ্যায়ে স্বাস্থ্য সুরক্ষায় করণীয় সম্পর্কে বলা আছে এই বইতে। প্রকল্প বাস্তবায়নে ডিনেটের নেতৃত্বে কাজ করছে আরও ১২টি বেসরকারি প্রতিষ্ঠান। বইটিকে ঘরে ঘরে পৌঁছে দিতে এবং বইয়ের বিষয়বস্তু মায়েদের কাছে তুলে ধরতে মম’স ক্লাব বা মায়েদের গল্প নামে একটি মোর্চা করা হয়েছে। সেই সঙ্গে তৈরি করা হয়েছে একটি অডিও বুক। মম’স ক্লাব বা মায়েদের গল্প নামের মোর্চা ব্যবহার করে অডিও বইটি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে। বইটি বাংলাদেশের মানুষের কথা মাথায় রেখে করা হয়েছে। তাই প্রধান চরিত্রে পোশাকশিল্পের কর্মী, গৃহিণী, গৃহবধূ, শহর ও গ্রামের কর্মজীবী নারী এবং তাঁদের স্বামী ও পরিবারের সদস্যদের রাখা হয়েছে।