গলফ খেলা এরশাদের চিকিত্সারই অংশ: ওবায়দুল

‘গলফ খেলা এরশাদের চিকিৎসারই অংশ’ বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার দুপুরে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগে লাইব্রেরি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে আটক করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের মন্ত্রী হয়ে তিনি আটক হয়েছেন কি না, তা কীভাবে বলি? তবে তিনি অসুস্থ, তিনি চিকিৎসা নিচ্ছেন।’
অসুস্থ হলে এরশাদ কীভাবে গলফ খেলেছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘গলফ খেলা তাঁর চিকিত্সারই অংশ।’
১২ ডিসেম্বর থেকে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ‘চিকিৎসাধীন’ এরশাদ কুর্মিটোলা গলফ ক্লাবে গলফ খেলছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগযোগের মাধ্যমে প্রচার হয়। ছবি প্রকাশ হয় গলফ খেলার।
ওবায়দুল কাদের বলেন, ‘দশম সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না, তা জানার জন্য মধ্য জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। ৫ জানুয়ারির নির্বাচনের পরই বুঝা যাবে কারা বিরোধী দল হচ্ছে। সংবিধান ও বাস্তবসম্মত নির্বাচন অনুষ্ঠানের বিকল্প কোনো পথ আমাদের সামনে খোলা নেই।’