গলফ টুর্নামেন্টের উদ্বোধন করলেন সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে ‘পঞ্চম আনোয়ার ইস্পাত-আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট-২০২১’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টটি পাঁচটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হচ্ছে। বিভাগগুলো হলো—সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান।
দেশি-বিদেশি প্রায় ৭০০ জন খেলোয়াড়ের অংশগ্রহণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ-নুর জিলানী, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার কর্নেল (অব.) এস এম শওকত আলী, আর্মি গলফ ক্লাবের সদস্যসচিব লে. কর্নেল মো. গোলাম মনজুর সিদ্দিকী প্রমুখ।
চার দিনব্যাপী এ টুর্নামেন্ট গত বুধবার শুরু হয়। ১৩ নভেম্বর সন্ধ্যায় সেনাবাহিনী প্রধানের উপস্থিতিতে টুর্নামেন্টের সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।