গলা কাটার চার দিন পর আ.লীগ নেতার স্ত্রীর মৃত্যু
গলা কাটার প্রায় চার দিন পর সেলিমা খান মজলিশ (৬৩) মারা গেছেন। তিনি সাবেক সাংসদ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম শামসুদ্দোহা খান মজলিশের স্ত্রী। নিবিড় পর্যবেক্ষণে থাকার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শুক্রবার রাত সাড়ে ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।সাভার থানার পুলিশ জানায়, সেলিমা খান মজলিশকে হত্যাচেষ্টার ঘটনায় তাঁর ছোট ভাই শফিউর রহমান বাদী হয়ে গত বুধবার সাভার থানায় একটি মামলা করেন। মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সেলিমা খান মজলিশের নাতিন তিলোত্তমা খান মজলিশের স্বামী আবুল কালাম আজাদ (৩৩) এবং তাঁর খালাতো ভাই সেলিম (২৬), গৃহপরিচারিকা সরজিৎ সরকার (৩২) এবং তাঁর স্বামী হরিপদ সরকারকে (৩৮) আটক করে পুলিশ।আটককৃতদের মধ্যে দুজনকে ছেড়ে দিয়েছে। পাঁচ দিনের রিমান্ড চেয়ে পুলিশ আবুল কালাম ও হরিপদ সরকারকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে। আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত মঙ্গলবার সকাল সাতটার দিকে বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে খাটের ওপর অর্ধেক গলাকাটা অবস্থায় সেলিমাকে পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। অচেতন অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে তাঁকে ওই দিন সকালেই ঢাকার সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়।সেলিমার ভাগনে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, মেয়ে পপি, শিল্পী ও পপির মেয়ে তিলোত্তমা ও তাঁর স্বামী আবুল কালাম আজাদকে নিয়ে মামি সেলিমা খান ওই বাসায়ই থাকতেন।মাসুদ চৌধুরী জানান, ঘটনার পর থেকেই তাঁর মামিকে ঢাকা সিএমএইচ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১২টায় তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে জানাজার পর সাভারের গেন্ডা কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে বলে তিনি জানান। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, পরিবারের ভেতর থেকেই তাঁকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরি চালানো হয়। কারণ গলা কাটার কাজে ব্যবহূত ছুরিটিও ওই পরিবারেরই। বাইরের কেউ এই ঘটনা ঘটালে ছুরি বা ধারালো অস্ত্র বাইরে থেকেই নিয়ে যাওয়ার কথা। তিনি বলেন, আটককৃতদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।