গলা কেটে ইমাম হত্যা
ফরিদপুর শহরে আবুল বাসার (৬০) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। তিনি বিভিন্ন মসজিদে ইমামতি করতেন এবং ফকিরি (ঝাড়ফুঁক) চিকিৎসা করতেন। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে শহরের আলীপুর মহল্লার প্রামাণিক পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ সোমবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত ব্যক্তির প্রথম স্ত্রী শাহেদা বেগম (৫০) ও মেয়ে মফিজা বেগমকে (২৫) আটক করেছে পুলিশ।
নিহত আবুল বাসার জেলার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোঁয়াড় গ্রামের মৃত সামসুদ্দিন ফকিরের ছেলে। তিনি প্রথম স্ত্রী শাহেদা, মেয়ে মফিজা ও ছেলে জান্নাতুন নাঈমকে (১৪) নিয়ে আলীপুর মহল্লায় বসবাস করতেন। তাঁর আরও পাঁচ মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় বিভিন্ন স্থানে বাস করছেন। নিহত ইমামের দ্বিতীয় স্ত্রীর নামও শাহেদা বেগম (৪০)। তিনি তিন বছর বয়সী একমাত্র ছেলে বাকী বিল্লাহকে নিয়ে খোঁয়াড় গ্রামে থাকেন।
নিহত ব্যক্তির ছেলে জান্নাতুন নাঈম জানায়, চার-পাঁচজন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে ঢুকে বাড়ির অন্য সদস্যদের একটি কক্ষে আটকে রাখে। এরপর তারা আবুল বাসারকে অন্য কক্ষে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বলেন, আবুল বাসারের মৃতদেহ উদ্ধার করে আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সম্পত্তি ও পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন আহমেদ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই লোকমান ফকির বাদী হয়ে আজ দুপুরে অজ্ঞাতনামা পাঁচ ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য আবুল বাসারের প্রথম স্ত্রী শাহেদা ও মেয়ে মফিজাকে আটক করা হয়েছে।