গলা কেটে ও শ্বাসরোধে দুজনকে হত্যা
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার স্বরাতৈল গ্রামের আবুজল হোসেন (২৪) নামের এক কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে পুলিশ তাঁর লাশ পার্শ্ববর্তী ব্রজবালা গ্রামের একটি পাটখেত থেকে উদ্ধার করে। অন্যদিকে, উল্লাপাড়া উপজেলার মোহনপুর থেকে চার দিন ধরে নিখোঁজ হওয়া দোকান কর্মচারী ফরিদুল ইসলামের (২০) বস্তাবন্দী লাশ থানার পুলিশ উদ্ধার করেছে।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন সরকার জানান, উপজেলার স্বরাতৈল গ্রামে তিন মাস আগে গরু চুরির টাকা ভাগবাঁটোয়ারা নিয়ে গ্রামের ডোগলাগোষ্ঠী ও মোল্লাগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ফারাজ উদ্দীন নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে ডোগলাগোষ্ঠীর লোকজনের ভয়ে মোল্লাগোষ্ঠীর লোকজন গ্রামছাড়া রয়েছে। এ ঘটনার প্রতিশোধ বা মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে উল্লাপাড়া থানার ওসি বিমান কুমার দাস জানান, গত ২৮ জুলাই উল্লাপাড়া পৌরশহরের আজাদ স্টোরের কর্মচারী ফরিদুল ইসলাম পাওনা টাকা আনার জন্য উপজেলার লাহিড়ী মোহনপুর বাজারে যায়। এর পর থেকে সে আর ফিরে আসেনি। গত বুধবার সকালে নিহতের লাশ বস্তাবন্দী অবস্থায় লাহিড়ীমোহনপুর ইউনিয়ন পরিষদের পাশের একটি পুকুর ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের বাড়ি উপজেলার বোয়ালিয়া গ্রামে। এ ঘটনায় নিহতের বাবা রেজাউল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন।