গলা কেটে সন্তানকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পূর্ব কেউটখালী গ্রামে গতকাল মঙ্গলবার রুনা বেগম (৩২) নামের এক মা তাঁর শিশুসন্তান ছমির মিয়াকে (ছয় মাস) গলা কেটে হত্যা করেছেন। পুলিশ ঘাতক মাকে আটক করে হত্যাকাণ্ডে ব্যবহূত বঁটিটি উদ্ধার করেছে। হতভাগ্য শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শ্রীনগর থানার ওসি মো. মিজানুর রহমান হত্যাকাণ্ডের কথা নিশ্চিত করে জানান, শিশুটির জন্মের পর থেকেই মা অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। মা রুনা রাতে ঘুমাতেন না। শিশুর বাবা শাহ আলম বাহরাইনপ্রবাসী। রুনা তাঁর দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর রুনাকে তিনি বিয়ে করেন। প্রথম সংসারেও তাঁর সন্তান রয়েছে। সে নানাবাড়ি থাকে। রুনারও এটি দ্বিতীয় বিয়ে। প্রথম সংসারে জন্ম নেওয়া সন্তানকেও প্রায় সাত বছর আগে হত্যা করেছিলেন রুনা। সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী খুন: গত রোববার দুপুরে সিরাজদিখান উপজেলায় কুচিয়ামোড়া গ্রামে নিজঘরে খুন হয়েছেন কুয়েতপ্রবাসীর স্ত্রী জাহানারা বেগম (৩৮)। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা ছোরা উদ্ধার করেছে। সিরাজদিখান থানার ওসি শেখ মাহবুবুর রহমান জানান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়। এ সময় ঘরে কেউ ছিলেন না। তিন সন্তানের এই গৃহবধূর হত্যার কারণ খুঁজতে পুলিশ মাঠে নেমেছে। নিহতের স্বামী মো. সফিউদ্দিন ১০-১২ বছর ধরে কুয়েতে চাকরি করেন। জাহানারা স্বামীর বাড়িতেই বাস করতেন। সন্তানদের ছাড়াও স্বামীর বড় বোনকে নিয়ে থাকতেন তিনি। ওই দিন বেলা ১০টার পর ষষ্ঠ শ্রেণীর ছাত্রী কন্যা সায়মাকে নিয়ে স্কুলে যান স্বামীর বোন চন্দ্র বানু (৬০)। এ ছাড়া, দুই ছেলে জাহান শরীফ (২০) ও রনি (১৪) কাজে বেরিয়ে যায়। এরই মধ্যে বেলা ১১টা থেকে ১২টার মাঝামাঝি সময় শয়নকক্ষে দুষ্কৃতকারীরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ফেলে যায় জাহানারাকে।