গলা কেটে হত্যা, ২১ জনের বিরুদ্ধে মামলা, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার গোবিন্দপুরে গণপিটুনিতে বাচ্চু মোল্লা (২৮) নামের এক ডাকাত নিহতের ঘটনায় আবদুস সোবহান (৫২) নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করে ২১ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের বাবা আবদুস সালাম।এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন: কাজল হোসেন (২৪), মজিবর কবিরাজ (৫০) ও তাঁর ছেলে সবুজ কবিরাজ (২৫)। আটক কাজল উপজেলার মোসলেমহাটি গ্রামের আলাউদ্দিনের ছেলে ও মজিবর পাইকশা গ্রামের মতলব আলী কবিরাজের ছেলে। পুলিশ সূত্র জানায়, সোমবার রাত পৌনে ১০টায় একাধিক মামলার আসামি বাচ্চু মোল্লাকে গণপিটুনি ও পরে গলা কেটে হত্যার ঘটনাকে পূর্বপরিকল্পিত অভিযোগ করে তাঁর বাবা আবদুস সালাম নবাবগঞ্জ থানায় মামলা করেন। এ ঘটনায় দুপুরে বাচ্চু মোল্লার বন্ধু কাজল, মজিবর ও তাঁর ছেলে সবুজকে গ্রেপ্তার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে বাচ্চু মোল্লার লাশ এলাকায় পৌঁছালে তাঁর স্বজনেরা বিক্ষোভ মিছিল করে। এদিকে মজিবরের স্ত্রী জানান, তাঁর স্বামী এশার নামাজ পড়ে বাড়িতে ছিলেন। তিনি অসুস্থ। তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। নিহতের স্ত্রী আঁখি আক্তার জানান, কাজল হোসেন নামের এক লোক তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করায়। তাঁকে গণপিটুনি নয়, গলা কেটে হত্যা করা হয়েছে।