গলা টিপে পানিতে ডুবিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ
ফরিদপুরে মরিয়ম বেগম (২৬) নামের এক গৃহবধূকে গলা টিপে পুকুরে ডুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রবিউল জোয়ার্দ্দার (৩০) পলাতক রয়েছেন৷ মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের উত্তর পাইকপাড়া গ্রামে গত শনিবার এই ঘটনা ঘটে৷
এ ঘটনায় গৃহবধূর মা মাজেদা বেগম শনিবার রাতে মধুখালী থানায় হত্যা মামলা করেছেন৷ মধুখালী থানার পুলিশ শনিবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠায়৷ মরিয়মের এক ছেলে ও এক মেয়ে রয়েছে৷
স্থানীয়রা জানান, নয় বছর আগে মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের বড়াইল গ্রামের মৃত মনোয়ার মোল্লার মেয়ে মরিয়ম বেগমের সঙ্গে বাগাট ইউনিয়নের আকবর জোয়ার্দ্দারের ছেলে রবিউলের বিয়ে হয়৷ বিয়ের পর থেকেই স্বামী ও স্ত্রীর মধ্যে কলহ চলছিল৷ এ কারণে মরিয়ম মাঝেমধ্যেই বাবার বাড়ি চলে যেতেন৷ এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিস বৈঠকও হয়েছে৷
শনিবার সকালে কলহের একপর্যায়ে মরিয়ম আবার বাবার বাড়ি চলে যেতে চান৷ সকাল ১০টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের পুকুরে গোছল করতে নামলে রবিউলও পেছন পেছন যান৷ এর কিছুক্ষণ পরই তাঁর লাশ পুকুরের পানিতে ভেসে ওঠে৷
মধুখালী থানার এসআই মওদুদ হাওলাদার জানান, মরিয়মের গলায় কালো দাগ পাওয়া গেছে৷ তাঁকে গলাটিপে পানিতে ডুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে৷