কিশোরগঞ্জের বাজিতপুরের সাইমা আক্তার নিজ বিদ্যালয় থেকে এসএসসি নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। সে কারণে ওই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হারায় সে। একদিন এক সহপাঠীর মাধ্যমে জানতে পারে, অকৃতকার্য শিক্ষার্থীদের পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার আবুল কাসেম হাইস্কুল থেকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে।তবে সেটি নিবন্ধন ও প্রবেশপত্র জালিয়াতির মাধ্যমে। অর্থের বিনিময়ে সাইমা ওই সুযোগটি পেয়ে যায়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে শাহান মিয়া নামে এক পরীক্ষার্থীর ছবির ওপর বসানো হয় সাইমার ছবি। ভুয়া প্রবেশপত্রে পরীক্ষা দিতে গিয়ে সফল হতে পারেনি সে। দ্বিতীয় দিন ধরা পড়ে যায়। বহিষ্কার হয়। একই প্রক্রিয়ায় পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ে কুলিয়ারচর উপজেলার বরখারচর গ্রামের রইছ উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে এসব ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে মামলা হয়। গেল এসএসসি পরীক্ষায় কুলিয়ারচরের ছয়সূতি ইউনিয়নে নওগাঁও গ্রামে অবস্থিত আবুল কাসেম হাইস্কুলের প্রবেশপত্র জালিয়াতির খণ্ডচিত্র এটি।ধরা পড়ার পর সাইমা ইউএনওকে জানায়, পরীক্ষায় অংশ নেওয়ার শতভাগ নিশ্চয়তা দিয়ে প্রধান শিক্ষক তার কাছ থেকে আট হাজার টাকা নেন। পরীক্ষার দিন কেন্দ্রের ফটক থেকে প্রবেশপত্র পেয়ে দেখতে পায়, ছবি ঠিক থাকলেও নাম একটি ছেলের। পরীক্ষার পর বোর্ড থেকে নামের ঝামেলা শেষ করে দেবে, এমন আশ্বাসে পরীক্ষা দিতে গিয়ে সর্বনাশ ডেকে আনে মেয়েটি। সে সময় সাইমা ইউএনওকে জানায়, তার মতো আরও কয়েকজন ওই প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিচ্ছে।অসদুপায়ে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করিয়ে দেওয়ার দায়ে প্রধান শিক্ষক আবুল কাসেমকে একাধিকবার গ্রেপ্তার করে পুলিশ।বিদ্যালয়টির প্রতিষ্ঠা ১৯৯৬ সালে। জমিদাতা স্থানীয় আবুল কাসেম। তিনিই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং নীতিনির্ধারক। বর্তমানে শিক্ষার্থী প্রায় ৪০০ জন। চলতি বছর কলেজের কার্যক্রম শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির নাম আবুল কাসেম স্কুল অ্যান্ড কলেজ।অনুসন্ধানে জানা গেছে, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নেত্রকোনাসহ আশপাশের অন্তত সাতটি জেলার বিভিন্ন বিদ্যালয়ের নানা কারণে ফরম পূরণে ব্যর্থ শিক্ষার্থীদের একটি অংশ বর্তমানে এ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে থাকে। গত বছর কুলিয়ারচর বালিকা উচ্চবিদ্যালয় থেকে নির্বাচনী পরীক্ষায় ছয় বিষয়ে অকৃতকার্য হয়ে ইজমা আক্তার ও সৈয়দা রাণী আক্তার নামে দুই পরীক্ষার্থী আবুল কাসেম হাইস্কুল থেকে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ে। কারণ, তাদের প্রবেশপত্র ছিল জাল। ২০০৮ সালে শারীরিক প্রতিবন্ধী নূর মোহাম্মদ ও তাসবিরা তুল তাসমি বিদ্যালয়ের প্রকৃত পরীক্ষার্থী হয়ে প্রধান শিক্ষকের খামখেয়ালিপনার কারণে পরীক্ষা দিতে পারেনি বলে অভিযোগ রয়েছে।অনুসন্ধানে আরও বের হয়ে এসেছে, ঢাকার শিক্ষা বোর্ডের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে যথাসময়ে কিছু ভুয়া নাম দিয়ে নিবন্ধন করিয়ে রাখেন আবুল কাসেম। পরে ওই নিবন্ধনের সূত্র ধরে নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি ভুয়া শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করিয়ে দিয়ে থাকেন। কোনো কোনো সময় পরীক্ষার পর বোর্ডের ওই সব কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা নিয়ে কৃতকার্য শিক্ষার্থীদের নামের ভুলের সংশোধন করে থাকেন।এলাকার সরাফত আলীর (৬৮) ভাষ্য, ‘আমরার কাসেম তো স্কুলঘর বানাইছে ঠিকই। কিন্তু এই স্কুলে তো পড়াশোনা হয় না। গলাকাটা প্রবেশপত্র তৈয়ার করা হয়।’ বিদ্যালয়সংলগ্ন নওগাঁও গ্রামের আতাউর রহমান বলেন, ‘হুনছি, এই স্কুলের ছাত্রছাত্রীরা নাকি পরীক্ষা দিতে গেলে নামের প্যাচ খায়।’ নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর দুই শিক্ষার্থী বলে, ‘এবারও ভুয়া পরীক্ষার্থী জোগাড় করার কথা আমরা শুনছি। ভয় হচ্ছে, কেন্দ্রে আমরা কোনো ঝামেলায় পড়ি কি না?’অভিযোগের ব্যাপারে প্রধান শিক্ষক আবুল কাসেমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি বলেন, এলাকার কিছু লোক বিদ্যালয়টি বন্ধ করে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। নতুন বিদ্যালয়। নানা সীমাবদ্ধতা আছে। ছোট্ট একটি ভুল পেলে তার প্রচার করা হয় বড় করে। কয়েকজন আছে, যাদের কাজই হলো স্কুলটির দুর্নাম বলে বেড়ানো।’ ভুয়া পরীক্ষার্থীর ব্যাপারে তিনি বলেন, ‘ছোটখাটো কয়েকটি সমস্যা ছিল। সামনে থেকে ইনশাআল্লাহ এমন আর হবে না।’কুলিয়ারচরের ইউএনও শাহ আলম প্রথম আলোকে জানান, বিদ্যালয়টিতে স্বচ্ছতা আর বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে। প্রতিবছরই দুর্নীতির আলামত পাওয়া যাচ্ছে। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন ভাবছে।