গলাকেটে ও শ্বাসরোধ করে দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছায় ছেলে হত্যার প্রতিশোধ নিতে এক ব্যক্তি তাঁর দ্বিতীয় স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার সুন্দর গ্রামে এ ঘটনা ঘটে। একই রাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জিধুরী গ্রামে মহিলা খুন হয়েছেন।পুলিশ সূত্রে জানা যায়, পীরগাছায় নিহত নারীর নাম ফিরনি বেগম (২৪)। তাঁর বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলায়। সুন্দর গ্রামের মোবারক আলী তাঁর প্রথম স্ত্রী ফরিদা বেগমকে তালাক দেওয়ার পর ফিরনি বেগমকে বিয়ে করেন। মোবারক আলীর প্রথম স্ত্রীর ঘরের ছেলে পলাশ মিয়াকে (৮) ফিরনি বেগম গত ২১ জুন রাতে গলা টিপে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরদিন পুলিশ পলাশের লাশ উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ফিরনি বেগমকে আটক করে থানায় নিয়ে আসে।এ ঘটনায় মোবারক আলী বাদী হয়ে মামলা করলে পুলিশ ফিরনি বেগমকে কারাগারে পাঠায়। বুধবার ফিরনি বেগম জামিনে ছাড়া পান। ওই দিনই মোবারক কৌশলে তাঁকে তাঁর বাড়িতে নিয়ে আসেন এবং রাতে ফিরনি বেগমকে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যান। গতকাল সকালে এলাকাবাসী ঘরে ফিরনি বেগমের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর পাঠায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, ফিরনি বেগমের ঘটনায় এখনো মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক থাকায় মোবারককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।বেলকুচি উপজেলার জিধুরী গ্রামে নিহত শাশুড়ির নাম রাবেয়া বেগম (৪৫)। তিনি একই গ্রামের শেখ সুলতান আহমেদের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর সুলতান রাবেয়া বেগমকে বিয়ে করেন। প্রথম পক্ষের ছেলে আবদুল মালেক তিন বছর আগে মারা যান। এরপর মালেকের স্ত্রী আফরোজা খাতুন এক ছেলে ও এক মেয়ে নিয়ে ঢাকায় চলে যান। আফরোজা গত বুধবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। সন্ধ্যার পর রাবেয়াকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে তিনি তাঁর দুই ছেলেমেয়েসহ বাড়ি থেকে বের হন।ধারণা করা হচ্ছে, চিকিৎসার কথা বলে আফরোজা শাশুড়ি রাবেয়াকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ পানির মধ্যে ফেলে পালিয়ে গেছে। ঘটনার পর থেকে রাবেয়ার মুঠোফোনও বন্ধ রয়েছে।বেলকুচি থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনার পর থেকে আফরোজা পলাতক থাকায় ধারণা করা হচ্ছে, তিনি শাশুড়িকে হত্যার পর লাশ ডোবার পানির মধ্যে ফেলে যেতে পারেন। এ ঘটনায় সুলতান আহমেদ বাদী হয়ে থানায় মামলা করেছেন।