গলাচিপা, ভোলায় প্রতিপক্ষের হামলায় ১১ জন আহত
পটুয়াখালীর গলাচিপায় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর আটজন সমর্থক আহত হয়েছেন। ভোলার লালমোহনে সন্ত্রাসী হামলায় বিএনপির সমর্থক এক চেয়ারম্যান প্রার্থীসহ তিনজন আহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: গলাচিপা (পটুয়াখালী): স্থানীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালীর গলাচিপা উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের ৩০-৪০ জন লোক গত সোমবার সন্ধ্যায় দুটি টমটমে করে কাউখালী গ্রামে ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাইনুর রহমানের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। টমটমটি ভাঙুনি গ্রামের কাছে পৌঁছালে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ বি এম মান্নান হাওলাদারের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করে। এতে ফুলখালী গ্রামের বশির, মিজানুর রহমান, নান্নু বাদশা, ফরিদা বেগম, মোসাম্মাৎ বেগম, শাহিদা বেগম, কণা এবং রিপা আহত হন। তাঁদের গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।এ ব্যাপারে এ বি এম মান্নান হাওলাদার বলেন, ‘শুনেছি কিছু লোকের ওপর হামলা হয়েছে। তবে হামলাকারীদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই।’ রাঙ্গাবালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলায় নারীসহ কয়েকজন আহত হয়েছে। এ ব্যাপারে পুলিশ একটি সাধারণ ডায়েরি করেছে।গত ১৪ মার্চ দুপুরে মান্নান হাওলাদার ও মোস্তাইনুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৬২ জন আহত হয়। ভোলা: ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন বাহাদুর, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক ও স্থানীয় বিএনপির নেতা মো. নাগর গত সোমবার দুপুরে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে একদল সন্ত্রাসী কয়েকটি মোটরসাইকেলে করে এসে তাঁদের ঘিরে ফেলে। সন্ত্রাসীরা রড দিয়ে পিটিয়ে তাঁদের আহত করেন। পরে এলাকাবাসী এসে তাঁদের উদ্ধার করেন। আনোয়ার হোসেনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আনোয়ার হোসেন জানান, সন্ত্রাসীরা তাঁদের মোটরসাইকেলটি ভাঙচুর করে তাঁকে অপহরণের চেষ্টা চালায়। হামলাকারীদের নেতৃত্বে ছিলেন রাজীব হাওলাদার, রুহুল আমিন, মেহের, পারভেজ, বাদশা, নজরুল, গিয়াসউদ্দিন। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আকতার হোসেনের কর্মী। সন্ত্রাসীরা তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকিও দিয়েছেন। আক্তার হোসেন বলেন, ‘বিএনপির প্রার্থীর ওপর কারা হামলা করেছে, সে বিষয়ে আমি কিছুই জানি না। সম্ভবত আওয়ামী লীগ ও বিএনপির দ্বন্দ্বের কারণে কেউ এ হামলা করেছে।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, এ ঘটনায় পুলিশ একটি সাধারণ ডায়েরি করেছে।