গলাচিপা আ.লীগের কার্যালয় মূল কমিটিকে হস্তান্তরের চিঠি
পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দীর্ঘদিন ধরে তালা ঝুলছে। কার্যালয় বন্ধ থাকায় দলের নেতা-কর্মীরা সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন না। এ অবস্থায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি গলাচিপা কার্যালয়টি সচল করতে দলের পটুয়াখালী জেলা কমিটির কাছে চিঠি পাঠিয়েছে।আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাসের গত ৩ জুনের স্বাক্ষরিত ওই চিঠিতে গলাচিপায় সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার লক্ষ্যে অনতিবিলম্বে তালাবদ্ধ দলীয় কার্যালয় খুলে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন-অর-রশিদ ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বাধীন কমিটির কাছে কার্যালয়ের দায়িত্ব হস্তান্তর করার অনুরোধ জানানো হয়।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন-অর-রশিদ বলেন, গত বছর ২৬ আগস্ট দলীয় কার্যালয়ে এক সভায় স্থানীয় সাংসদ গোলাম মাওলা রনির সমর্থক কয়েকজন দলীয় নেতা ও সন্ত্রাসী তাকে কার্যালয় থেকে বের করে দিয়ে তা দখল করে।সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ৮ এপ্রিল পটুয়াখালীতে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকলেও সাংসদ রনি উপস্থিত ছিলেন না। উল্টো তিনি এককভাবে গলাচিপায় বর্ধিত সভা ডেকে রেজাউল করিম হাওলাদারকে সভাপতি এবং কাজী শহীদকে সাধারণ সম্পাদক করে নিজের একটি পকেট কমিটি ঘোষণা করেন। সাংসদ ঘোষিত উপজেলা কমিটির সভাপতি রেজাউল করিম হাওলাদার বলেন, সাংসদের নির্দেশে সভায় সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য হারুন-অর-রশিদ ও গোলাম মোস্তফাকে অব্যাহতি দেওয়া হয়। দলীয় কার্যালয় তালাবদ্ধ থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘কার্যালয় তালাবদ্ধ অবস্থায় রয়েছে, এটা ঠিক নয়। দলীয় কার্যালয় আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’