গলাচিপা আ.লীগের নেতারা জীবনের নিরাপত্তা চাইলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী-৩ আসনের সাংসদ গোলাম মাওলা রনির ভাড়াটে সন্ত্রাসী ও ক্যাডারদের হামলার আশঙ্কায় জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের নেতারা। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. হারুন অর রশিদের কলেজ রোডের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে মো. হারুন অর রশিদ লিখিত বক্তব্যে উল্লেখ করেন, সাংসদ গোলাম মাওলার সংগঠন পরিপন্থী কর্মকাণ্ড ও তাঁর অনুসারীদের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগ ইতিমধ্যে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে। মাওলার অনুসারীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দলীয় কার্যালয় দখল করে রাখায় গলাচিপায় দলীয় কর্মকাণ্ড পরিচালনা ব্যাহত হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে ২৩ জুন পটুয়াখালী জেলা আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা ও গলাচিপা উপজেলা প্রশাসনের সহযোগিতায় দলীয় কার্যালয়টি দখলমুক্ত করে দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নেতা-কর্মীদের কাছে হস্তান্তর করা হয়। এর পর থেকেই সাংসদ গোলাম মাওলার অনুসারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর চোরাগোপ্তা হামলা করার পরিকল্পনা করছে। ২৭ জুন সাংসদের ক্যাডাররা আল আমিন নামে একজনকে কুপিয়ে জখম করেছে। একই দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. হারুন অর রশিদের বাসভবনের কাছ থেকে দেশি অস্ত্রসহ ওত পেতে থাকা মো. জিহাদ নামে সাংসদের এক ক্যাডারকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ছাড়া শহরের কলেজ রোড, ফিডার রোড, লিপি সিনেমা হল এলাকা এবং হাইস্কুল রোডসহ কয়েকটি এলাকায় বিভিন্ন বাসভবন ও দোকানে সাংসদ গোলাম মাওলার ক্যাডার ও বহিরাগত ভাড়াটে বাহিনী নিয়মিত গোপন বৈঠকে মিলিত হচ্ছে। তারা আওয়ামী লীগ কার্যালয়ে হামলাসহ উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর চোরাগোপ্তা হামলা করে খুন-জখম করার অপচেষ্টায় লিপ্ত আছে। হারুন অর রশিদ বলেন, ইতিমধ্যে এ বিষয়ে সন্ত্রাসীদের নাম উল্লেখ করে গলাচিপা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গলাচিপা পৌরসভার মেয়র হাজি ওহাব খলিফা, সন্তোষ কুমার দে, বাসুদেব দুয়ারি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সরদার শাহ আলম, শামসুজ্জামান, বাবুল ভুঁইয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম প্রমুখ।এ ব্যাপারে জানতে চাইলে সাংসদ গোলাম মাওলার অনুসারী রেজাউল করিম হাওলাদার মুঠোফোনে বলেন, ‘কাগজপত্র অনুসারে আমিই দলের বৈধ সভাপতি। হারুন অর রশিদ নিজেকে সভাপতি হিসেবে দাবি করতে পারেন না। তাঁদের কমিটির কোনো বৈধতা নেই। আমাদের সঙ্গে কোনো সন্ত্রাসীদের যোগাযোগ নেই। আমরা সন্ত্রাসী লালন করি না। বরং হারুন অর রশিদই সন্ত্রাসীদের লালন করছেন। তাঁর বাসার চারপাশে সশস্ত্র সন্ত্রাসীরা ঘোরাফেরা করছে।’