গলাচিপা ও রাঙ্গাবালীতে ডায়রিয়ার প্রকোপ
পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে এই দুই উপজেলার দেড় শতাধিক লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলোতে চিকিৎসা নিয়েছে।গতকাল শনিবার সকালে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে ডায়রিয়ায় আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ থেকে ৬ এপ্রিল দুপুর পর্যন্ত সাত দিনে ডায়রিয়ায় আক্রান্ত ৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয় আরও প্রায় ৫০ জন রোগীকে। গতকাল সকালে আবুল কালাম নামের এক ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। আবুল কালামের বাড়ি গলাচিপার গোলখালী ইউনিয়নের চরসুহরি গ্রামে।রাঙ্গাবালী উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র সূত্রে জানা গেছে, গত সাত দিনে ডায়রিয়ায় আক্রান্ত ৫৪ জন রোগীকে কেন্দ্রটিতে চিকিৎসা দেওয়া হয়েছে। আরও প্রায় অর্ধশত রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. জাহিদ হোসেন বলেন, প্রচণ্ড গরম ও বিশুদ্ধ পানির সংকটের কারণে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। বর্তমানে যে হারে মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে, তা উদ্বেগজনক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলোতে চিকিৎসা নিতে আসা রোগীর বাইরেও বিশালসংখ্যক রোগী স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে বলে তাঁরা খবর পেয়েছেন।