গলাচিপা ও রাঙ্গাবালীতে বেড়িবাঁধে ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী–তালতলী ইউনিয়নের বদনাতলী এলাকায় কাজল নদের ভাঙনে বিলীন হচ্ছে পাউবোর বেড়িবাঁধ। জোয়ারের পানি ঢুকছে বদনাতলী, নিজহাওলা, গোরামর্দন ও তালুকদারহাওলা গ্রামে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী–তালতলী ইউনিয়নের বদনাতলী এলাকায় কাজল নদের ভাঙনে বিলীন হচ্ছে পাউবোর বেড়িবাঁধ। জোয়ারের পানি ঢুকছে বদনাতলী, নিজহাওলা, গোরামর্দন ও তালুকদারহাওলা গ্রামে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় জোয়ারের পানিতে গত চার মাসে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের তিনটি পোল্ডারের ১৩ কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উপজেলা দুটির সাতটি ইউনিয়নের কয়েক শ গ্রাম জলোচ্ছ্বাসের ঝুঁকিতে পড়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, গলাচিপার রতনদী-তালতলী ইউনিয়নের বদনাতলী, নিজহাওলা, তালুকদার হাওলা এবং গেরামর্দন এলাকায় কাজল নদের তীব্র স্রোত এবং জোয়ারের পানির চাপে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের ৫৫/১ নম্বর পোল্ডারে ভাঙন দেখা দিয়েছে। এতে বদনাতলী, নিজহাওলা, গেরামর্দনসহ আটটি গ্রামে পানি ঢুকছে।
বদনাতলী গ্রামের বাসিন্দা আবদুল মন্নান রাঢ়ী বলেন, কয়েক বছর ধরে এ এলাকায় ভাঙন চলছে। নদীর ভাঙনে এখানকার কয়েকটি গ্রামের প্রায় ৪০০ পরিবার ঘরবাড়ি হারিয়েছে।
গলাচিপার চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়ন ঘিরে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের ৫৩/৩ নম্বর পোল্ডার। গত মে মাস থেকে এ পোল্ডারের চরকাজল লঞ্চঘাট এলাকায় কাজল নদের ভাঙনে সাড়ে পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়ে যায়। একই পোল্ডারের চরবিশ্বাস ইউনিয়নের চরমহিউদ্দিন এলাকায় বুড়াগৌরাঙ্গ নদের ভাঙনে বিলীন হয়েছে চার কিলোমিটার বেড়িবাঁধ।
রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের ৫৫/৪ নম্বর পোল্ডারের চরমোন্তাজ বৌবাজার এলাকায় ৪০০ মিটার বাঁধে ভাঙন ধরেছে। একই পোল্ডারে দক্ষিণ চরমোন্তাজ এলাকায় প্রায় এক হাজার ২০০ মিটার বাঁধে ভাঙন ধরেছে।
পটুয়াখালীর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গলাচিপার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের ৫৫/১ নম্বর পোল্ডারের দুই কিলোমিটার এবং রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নে ৫৫/৪ নম্বর পোল্ডারের ১ দশমিক ৬০ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।