গলাচিপা পৌরসভায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ
উৎসবমুখর পরিবেশে গতকাল রোববার অনুষ্ঠিত হলো পটুয়াখালীর গলাচিপা পৌরসভার নির্বাচন। ভোট গ্রহণ শুরুর আগে সকাল থেকেই ভোটররা ব্যাপক আগ্রহ নিয়ে ভোটকেন্দ্রগুলোতে গিয়ে লাইনে দাঁড়ান।সকাল নয়টায় গলাচিপা হেলিপ্যাড-সংলগ্ন ৬ নম্বর ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। স্থানসংকুলন না হওয়ায় কক্ষের বাইরে বারান্দায় একটি বুথ খুলে ভোট গ্রহণ চলছে।কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কামরুল ইসলাম জানান, এই কেন্দ্রে এক হাজার ৬৮৩টি ভোট রয়েছে, সকাল নয়টা পর্যন্ত ৩০০ ভোট পড়েছে। ৮ নম্বর ওয়ার্ডের গলাচিপা উদয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের বেশির ভাগ ভোটার সকালে কেন্দ্রে উপস্থিত হন।লাইনে দাঁড়ানো ভোটার জ্যোৎস্না বেগম বলেন, ‘এত শান্তিপূর্ণভাবে ভোট হবে, ভাবতেই পারিনি।’বেলা ১১টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের খানকায়ে সালেহিয়া তালিমি মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি কমে গেছে। প্রিসাইডিং কর্মকর্তা মোবাশ্বের আলী বলেন, ওই সময় পর্যন্ত ৭৮৬ জন ভোটারের মধ্যে ৩০৪ জন ভোট দিয়ে গেছেন। বিকেলের দিকে আবার ভোটারদের উপস্থিতি বাড়বে বলে জানান তিনি।ভোটকেন্দ্রের বাইরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই ব্যক্তিকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বেলা ১১টার দিকে ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী প্রভাতী রানী সাহার স্বামী বিপন চন্দ্র সাহা গলাচিপা ডিগ্রি কলেজ কেন্দ্রে লাইনে দাঁড়ানো ভোটারদের আপ্যায়ন করাতে গেলে ভ্রাম্যমাণ আদালতের হাকিম আসাদুজ্জামান তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।দুপুর সোয়া ১২টার দিকে ২ নম্বর কেন্দ্র গলাচিপার ডাকুয়া ইউপি ভবন কেন্দ্রে প্রবেশের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের হাকিম সাইফুল ইসলাম এক ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করেন। তাঁর নাম শামীম হোসেন।