গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ে তথ্য ও প্রযুক্তিকেন্দ্র
পটুয়াখালীর গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু হলো আধুনিক তথ্য ও প্রযুক্তিকেন্দ্র। নরওয়ের ফ্লাকস্টাড পৌরসভা ও র্যামবার্গ উচ্চবিদ্যালয়ের সহায়তায় গত সোমবার বিদ্যালয় চত্বরে এ কেন্দ্র উদ্বোধন করা হয়। এ সময় র্যামবার্গ উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা রেনেটা, ভিভিয়ান, ফ্লাকস্টাড পৌরসভার প্রতিনিধি কুর্ট আর্টেল হ্যানসেন, গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. শাহ আলম ও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তথ্য ও প্রযুক্তিকেন্দ্রে নরওয়ের ফ্লাকস্টাড পৌরসভা ও র্যামবার্গ উচ্চবিদ্যালয়ের পক্ষ থেকে ছয়টি ল্যাপটপ, ইন্টারনেট সংযোগসহ ছয়টি মডেম, ডিজিটাল ক্যামেরা, একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর, হারমোনিয়ম, তবলা, গিটার ও ক্রীড়াসামগ্রী সরবরাহ করা হয়।কুর্ট আর্টেল হ্যানসেন বলেন, ‘আমরা এ কেন্দ্রটি নিয়ে বেশ আশাবাদী। বর্তমান বিশ্বে জীবনযাত্রার মানোন্নয়নে তথ্যের বিশেষ ভূমিকা রয়েছে। এই কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের চিন্তাভাবনা সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হবে।’