গলাচিপায় টর্নেডো দুর্গতরা খোলা আকাশেরনিচে
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নে টর্নেডোর আঘাতে বসতঘর বিধ্বস্ত হওয়ায় ২১ পরিবারের শতাধিক সদস্য খোলা আকাশের নিচে বসবাস করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরকাজল ইউনিয়নের ছোট চরকাজল ও বড়চরকাজল গ্রামে শুক্রবার বেলা দুইটার দিকে টর্নেডো আঘাত হানে। কয়েক মিনিট স্থায়ী এ টর্নেডোয় ২১টি ঘর টিনের চালা ও খুঁটিসহ সম্পূর্ণ উড়ে যায় ও আরও ৮০টি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
সরেজমিনে দেখা গেছে, ছোটকাজল গ্রামের সুধীর হাওলাদার, সুখরঞ্জন হাওলাদার, মতিলাল হাওলাদার, কার্তিক চন্দ্র শীল, শান্ত হাওলাদার, পুতুল রানী, মনিন্দ্র চন্দ্র, শাহিদুল খাঁরসহ ২১টি পরিবার টর্নেডোর পর থেকে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। তাদের বসতঘরের চিহ্নও নেই।
ক্ষতিগ্রস্ত মতি লাল হাওলাদার জানান, টর্নেডোতে বসতঘরে থাকা চাল, ডাল, হাঁড়ি-পাতিলসহ সব মালামাল উড়িয়ে নিয়ে গেছে। এ কারণে তাঁরা এখন অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন। ওই এলাকার পুতুল রানী বলেন, ‘আমার ঘরের একটি থালা-বাটিও কোথাও খুঁজে পাওয়া যায়নি। টর্নেডোর পর থেকে আমরা খোলা আকাশের নিচেই আছি। জনপ্রতিনিধি বা সরকারি কোনো কর্মকর্তা এখন পর্যন্ত আমাদের কোনো খোঁজ নেননি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম জানান, জেলা প্রশাসন ২১টি পরিবারের জন্য তিন হাজার এবং আংশিক ক্ষতিগ্রস্ত ৮০টি পরিবারের জন্য দুই হাজার করে টাকা বরাদ্দ দিয়েছে। এ ছাড়া তাঁদের জন্য প্রাথমিকভাবে দুই টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান জানান, উপজেলা প্রশাসন থেকে তাৎক্ষণিক দুই মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ওই চাল গতকাল ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়েছে।