গলাচিপায় বিদ্যালয়ের ছাদ ধসে ১৫ শিক্ষার্থী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার দক্ষিণ কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদ ধসে ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীদের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো তাওহীদ, রাসেল, মামুন, জিহাদ, ইমরান, জুবায়ের, বায়েজিদ, সোহেল, মমতাজ ও আকলিমা বেগম। তাদের মধ্যে তাওহীদ ও রাসেলকে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী জানান, বিকেল সাড়ে তিনটার দিকে ওই বিদ্যালয়ের ক্লাস চলছিল। হঠাৎ ভবনের একটি বিম ধসে পড়ে। এতে ১৫ জন শিক্ষার্থী আহত হয়।
গলাচিপা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহতাব উদ্দিন বলেন, তিনি বিদ্যালয়ের বিম ধসের খবর শুনেছেন।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুব আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা দুর্ঘটনার খবর শুনেছি। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। শিক্ষা বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।