গলাচিপায় শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ১
পটুয়াখালীর গলাচিপায় পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে তিন বছরের শিশু সানজিদাকে অপহরণ ও হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মনির হোসেন আকন (৩০) নামের আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের নিমহাওলা গ্রামে অভিযান চালিয়ে আতিকুল ইসলাম (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়। ওই সময় জিজ্ঞাসাবাদের জন্য আতিকের চাচা মনির হোসেনকে আটক করে পুলিশ।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জিয়াউল হক জানান, আতিক শুক্রবার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁর তথ্যের ভিত্তিতে মনির হোসেনকে আসামি করা হয়েছে।
গলাচিপার গজালিয়া ইউনিয়নের বাহেরগজালিয়া গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে সানজিদাকে ২২ জুন রাতে নিমহাওলা গ্রাম থেকে অপহরণ করা হয়। ২৫ জুন রাতে ওই গ্রামে নদীর তীরের একটি জঙ্গল থেকে সানজিদার লাশ উদ্ধার করে পুলিশ।