ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপা উপজেলার দ্বীপ এলাকার তিনটি ইউনিয়নের সাধারণ ভোটারেরা আতঙ্কে আছেন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে তাঁরা শঙ্কিত। কারণ ওই ইউনিয়নগুলোতে নির্বাচনী সহিংসতা ছাড়াও সাধারণ ভোটারদের ওপর প্রভাবশালী প্রার্থীরা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন বলে অনেকের অভিযোগ। আজ শনিবার এসব ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।রাঙ্গাবালী ইউনিয়নে রাঙ্গাবালী থানা আওয়ামী লীগের সভাপতি আহসান কবির ও ছোটবাইশদিয়া ইউনিয়নে ওই থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম আবদুল মান্নান হাওলাদার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্ব্বিতা করছেন। চালিতাবুনিয়া ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের আরেক নেতা ফজলুর রহমান হাওলাদার।নির্বাচনকে কেন্দ্র করে ছোটবাইশদিয়া ইউনিয়নে গত ১৪ মার্চ দুপুরে এবং ২১ মার্চ দুটি সহিংসতার ঘটনায় নারী-শিশুসহ ৭০ জন আহত হয়।ছোটবাইশদিয়ার ৭ নম্বর ওয়ার্ডের নয়াভাঙুনি গ্রামের মো. ইউছুবের স্ত্রী রাবেয়া বেগম (৩৫) বলেন, ‘২১ মার্চ আমার বাড়ির সামনে মহিলাগোরে পিডাইছে। এলেকশনে আমার ভোট আমি য্যারে খুশি হ্যারে দিমু, এই নিয়াইত কইর্যা রাখছি। অ্যাহন হুনি, দ্যাহাইয়া ভোট দেওয়া লাগবে। নালে (নইলে) পরে সমস্যা করবে। জানি না ভোটের দিন কি জানি অয়।’ওই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বেনজীর আহমেদ বলেন, ‘শাসক দলের প্রভাবশালী নেতার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি। তাঁদের হুমকি-ধমকির কাছে সাধারণ ভোটারেরা অসহায় হয়ে পড়েছেন। তাঁরা ভোটারদের বলে বেড়াচ্ছেন, সকলকে প্রকাশ্যে এজেন্টদের দেখিয়ে ভোট দিতে হবে। এ অবস্থায় শেষ পর্যন্ত কী হয়, তা নিয়ে আমরা শঙ্কিত।’এ অভিযোগ প্রত্যাখ্যান করে এ বি এম আবদুল মান্নান বলেন, ‘এখন পর্যন্ত এখানে কোনো ভোটারকে হুমকি দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।’রাঙ্গাবালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহাঙ্গীর আকন অভিযোগ করে বলেন, ওই ইউনিয়নের অপর প্রার্থী আহসান কবিরে লোকজন সাধারণ ভোটারদের প্রকাশ্যে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন। তাঁর কর্মীরা ভোটারদের ভয়ভীতি দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করছেন। তবে আহসান কবির দাবি করেন, রাঙ্গাবালীতে নির্বাচন-পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখানে কেউ কাউকে ভয়ভীতি দেখাচ্ছে না।চালিতাবুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান হাওলাদার। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক চেয়ারম্যান ইদ্রিসুর রহমান হাওলাদার বলেন, ‘ফজলুর রহমানের লোকজন প্রচার করছে, কেউ ভোট না দিলেও তিনি (ফজলুর রহমান) চেয়ারম্যান হবেন। এতে ভোটারদের মধ্যে এক ধরনের শঙ্কা দেখা দিয়েছে।’ওই ইউনিয়নের আরেক চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক চেয়ারম্যান গাজী হাফিজুর রহমান বলেন, চালিতাবুনিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে ফজলুর রহমানের লোকজন। তারা ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় না হলে এখানে সুষ্ঠু নির্বাচন বিঘ্নিত হতে পারে।তবে ফজলুর রহমান হাওলাদার বলেন, ‘আমরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অহেতুক মিথ্যা অভিযোগ তুলছেন।’উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রশিদ মিয়া বলেন, ‘গলাচিপার ছোটবাইশদিয়া ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নে ইতিমধ্যে কিছু সন্ত্রাসমূলক ঘটনা ঘটায় আমরা ওই ইউনিয়নগুলোর ভোট গ্রহণের বিষয়টি অতিরিক্ত গুরুত্ব দিয়ে দেখছি। আশা করি, শান্তিপূর্ণ ভোট গ্রহণে কোনো সমস্যা হবে না।’