গলাচিপার তিন ইউপির পাঁচ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত
ইউপি নির্বাচনে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের পশ্চিম পাড়ডাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা ও ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় নির্বাচনের কাজে নিয়োজিত দুজন কর্মকর্তা আহত হন।
ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘বেলা ১০টার দিকে এক দল বহিরাগত রামদা ও লাঠিসোঁটা নিয়ে কেন্দ্রের বুথগুলোতে হামলা করে। তারা বুথে ঢুকে ব্যালট বই ও মার্কিংসিলসহ অন্যান্য উপকরণ ছিনিয়ে নেয়। তাদের হামলায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নাজমুন নাহার ও রিগান মালাকার আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ১০টি ফাঁকা গুলি ছোড়ে। কর্তৃপক্ষের নির্দেশে এ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।’ ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম গুলি ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনার জন্য আওয়ামী লীগের প্রার্থী মো. বাদল খান ও বিএনপির প্রার্থী মো. মিজানুর রহমান একে অপরকে দায়ী করেছেন। বেলা একটার দিকে মিজানুর রহমান নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
ডাকুয়ার হোগলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বেলা ১১টার দিকে কিছু বহিরাগত লোক কেন্দ্রে ঢুকে প্রকাশ্যে ভোট দেওয়ার জন্য ভোটারদের ওপর চাপ সৃষ্টি করে। এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর এজেন্টদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় কেন্দ্রের বাইরে সংঘর্ষ শুরু হলে এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ রেখে পরে আবার শুরু হয়।
চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী হাকিম কাজী মো. সায়েমুজ্জামান বলেন, ‘ভোট গ্রহণে বাধা ও ব্যালট বই ছিনতাইয়ের চেষ্টা করার ঘটনায় চরবিশ্বাস ইউনিয়নের পূর্ব চরবিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, পূর্ব চরআগস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও চরআগস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।’