গলাচিপার প্রশাসনিক কর্মকাণ্ড কলাপাড়ায়!
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পাঁচটি ইউনিয়নের ভূমিসংক্রান্ত কার্যক্রম, ভূমি নিবন্ধন, বিচারিক কার্যক্রম কলাপাড়া উপজেলায় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে গতকাল শুক্রবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে এই উদ্যোগের প্রতিবাদে আজ শনিবার গণস্বাক্ষর গ্রহণ এবং আগামীকাল রোববার প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।গতকাল সকাল ১০টায় গলাচিপা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও পরে গলাচিপা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের চত্বরে সমাবেশ হয়। সমাবেশে সর্বস্তরের মানুষ যোগ দেয়। সমাবেশে বক্তব্য দেন গলাচিপা পৌরসভার সাবেক মেয়র আবু তালেব মিয়া এবং উপজেলা আওয়ামী লীগের (একাংশ) সভাপতি রেজাউল করিম হাওলাদার। বক্তারা বলেন, ‘উপজেলার বড়বাইশদিয়া, ছোটবাইশদিয়া, রাংগাবালি, চালিতাবুনিয়া ও চরমোন্তাজ—এই পাঁচটি ইউনিয়নের ভূমিসংক্রান্ত কার্যক্রম, ভূমি নিবন্ধন ও বিচারিক কার্যক্রম গলাচিপা উপজেলা থেকে কলাপাড়া উপজেলায় নেওয়ার জন্য পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি (ডিও লেটার) দিয়েছেন। এর আগে প্রতিমন্ত্রী গলাচিপা উপজেলার পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম কলাপাড়ায় স্থানান্তরের কার্যক্রম শুরু করেছেন। তাঁর এসব কর্মকাণ্ড গলাচিপাবাসীর স্বার্থের পরিপন্থী। আমরা তাঁর এ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।’পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাংসদ গোলাম মাওলা মুঠোফোনে বলেন, ‘পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদারের চিঠির ভিত্তিতে আইন মন্ত্রণালয় ইতিমধ্যে গলাচিপার পাঁচটি ইউনিয়নের বিচারিক হাকিম আদালতের কার্যক্রম গলাচিপা থেকে কলাপাড়ায় স্থানান্তর করে তা গেজেটে প্রকাশ করেছে। ভূমি কার্যালয় ও ভূমি নিবন্ধন কার্যালয় স্থানান্তরের বিষয়টি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে গলাচিপা পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম কলাপাড়ায় স্থানান্তর করা হয়েছে। আমি বিষয়টি জেনে আইনমন্ত্রীর সঙ্গে দেখা করে চিঠি (ডিও লেটার) দিয়ে আপত্তি জানিয়েছি। আইনমন্ত্রী গলাচিপার ওই পাঁচ ইউনিয়নের বিচারিক হাকিম আদালতসহ অন্যান্য প্রশাসনিক কর্মকাণ্ড কলাপাড়ায় স্থানান্তরের বিষয়টি স্থগিত করার ব্যাপারে আমাদের মৌখিক আশ্বাস দিয়েছেন।’এ ব্যাপারে কথা বলার জন্য পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।